১৫ সেপ্টেম্বর থেকে ঢাকাসহ বিভাগীয় শহরে আয়কর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবারের মতো এবারও আয়কর মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সপ্তাহব্যাপী এই মেলা ১৫ সেপ্টেম্বর শুরু হবে। এবার বিভাগীয় শহরগুলোতেও আয়কর মেলা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস। দিবসটি উপলক্ষে এনবিআর করদাতাদের মধ্যে সচেতনতা বাড়াতে এই মেলার আয়োজন করছে। এ ছাড়া আয়কর দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আবার চলতি সেপ্টেম্বর মাসের মধ্যে আয়করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। রাজধানীর আয়কর মেলাটি অনুষ্ঠিত হবে বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে। মেলায় করদাতাদের তাৎ ক্ষণিকভাবে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদানসহ বার্ষিক বিবরণীও তৈরি করে দেওয়া হবে। এবার বয়স্ক নাগরিক ও নারীদের জন্য আলাদা বুথ থাকবে। বড় করদাতাদের জন্যও থাকবে আলাদা বুথ। গতবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত মেলায় করদাতাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। রাজধানীর বাইরে চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রাজশাহী ও রংপুরে আয়কর মেলা অনুষ্ঠিত হবে।