১৫০ রেলকোচ আমদানি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ রেলওয়ের জন্য ইন্দোনেশিয়া থেকে দেড় শ কোচ কেনা হচ্ছে। এ জন্য ওই দেশের তিন সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল রোববার সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে, রেলপথে কোচসংকটের পরিপ্রেক্ষিতে সরকার ইন্দোনেশিয়া থেকে কোচ কেনার পরিকল্পনা হাতে নেয়; যা বাস্তবায়নে ইন্দোনেশীয় সরকারের সঙ্গে একটি চুক্তি করা হয়েছে।
চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়া পিটি ইনকা নামের একটি প্রতিষ্ঠান ১০০টি মিটারগেজ (ছোট) ও ৫০টি ব্রডগেজ (বড়) লাইনের রেলকোচ সরবরাহ করবে।
ইন্দোনেশিয়ার পিটি ইনকার যান্ত্রিক নকশা বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ওয়েগো সফররত প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের সৈয়দপুর রেলওয়ে কারখানায় স্বাগত জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী এ কে এম আমিরুল হক। এ সময় দুই পক্ষের মধ্যে বাংলাদেশের পরিবেশ ও স্বচ্ছন্দে চলাচলের উপযোগী রেলকোচ আনার বিষয়ে আলোচনা হয়।
আমিরুল ইসলাম বলেন, ‘ইন্দোনেশিয়ার কোচগুলোর মেঝে, প্রধান দরজা, জানালা, টয়লেট ও চেয়ারে কিছু সমস্যা থাকে। সব মিলিয়ে আমরা ১৪টি সমস্যা চিহ্নিত করেছি। এসব বিষয়ে প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে।’
সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্যব্যবস্থাপক (ডব্লিউএম) মোহাম্মদ কুদরত-ই-খুদা প্রথম আলোকে জানান, এর আগে ২০০৬ সালে ইন্দোনেশিয়া থেকে ৫০টি ব্রডগেজ কোচ আনা হয়েছিল।