১৫৬৬ পোশাক কারখানা পরিদর্শন করবে ক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে এক হাজার ৫৬৬টি কারখানা পরিদর্শন করবে ইউরোপীয় ক্রেতাদের জোট ‘অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড ব্লিডিং সেফটি ইন বাংলাদেশ’। গত বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকায় পোশাক কারখানা ছাড়াও পাদুকা, প্লাস্টিক, সিরামিক ও চামড়া খাতের প্রতিষ্ঠানের নাম রয়েছে।

কারখানা পরিদর্শনের এ কার্যক্রম পূর্বঘোষণা অনুযায়ী নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তা কবে থেকে শুরু হবে নিশ্চিত করে বলতে পারছেন না অ্যাকর্ডের প্রতিনিধি কিংবা বিজিএমইএর নেতারা।

অবশ্য উভয় পক্ষই বলছে, কারখানা পরিদর্শন শুরুর প্রাথমিক ধাপ হিসেবেই কারখানার নামের তালিকা প্রকাশ করা হয়েছে। নামের তালিকা আরও দীর্ঘ হবে। কারণ, চুক্তিতে স্বাক্ষর করা অনেক ব্র্যান্ড এখন পর্যন্ত তাদের কারখানার নামের তালিকা দেয়নি। অ্যাকর্ডের পক্ষ থেকে আগামী বছরের জুলাই মাসের মধ্যে সর্বমোট এক হাজার ৭০০ থেকে ৮০০ কারখানা পরিদর্শন করার কথা রয়েছে।

অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটির সদস্য ও ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব রায় রমেশ চন্দ্র গতকাল প্রথম আলোকে বলেন, শুরুতে অ্যাকর্ডের যখন ৪০টি ব্র্যান্ড ছিল, তখন নভেম্বরে পরিদর্শন শুরুর কথা বলা হয়েছিল। কিন্তু জোটে এখন ৯০টির মতো ব্র্যান্ড। পুরো প্রক্রিয়া শুরু করতে একটু সময় তো লাগবেই।

রায় রমেশ চন্দ্র আরও বলেন, ‘অ্যাকর্ডের পরিদর্শন কার্যক্রম চালানোর জন্য একজন প্রধান পরিদর্শন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তার অধীনে আরও ৫০ জন পরিদর্শন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।’ পরিদর্শন নীতিমালা প্রস্তুত করার কাজ চলছে।

অন্যদিকে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, অ্যাকর্ড কীভাবে ও কী কী নিয়মনীতি অনুসরণ করে কারখানা পরিদর্শন করবে, তা সরকার বা বিজিএমইএকে জানায়নি। ২২ অক্টোবর অ্যাকর্ডের প্রতিনিধিরা বাংলাদেশ সফরে আসবেন। তখন হয়তো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানান তিনি।

আন্তর্জাতিক শ্রম সংগঠন ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের ওয়েবসাইটে প্রকাশিত অ্যাকর্ডের তালিকায় কারখানার নামের পাশাপাশি যোগাযোগের ঠিকানা, শ্রমিকের সংখ্যা, কারখানা ভবন কত তলাবিশিষ্ট ইত্যাদি তথ্য আছে। তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী এক হাজার ৫৬৬ কারখানায় মোট ২০ লাখ ২৭ হাজার ৫৯৫ শ্রমিক কাজ করেন।

অ্যাকর্ডের তালিকায় পোশাক কারখানার বাইরে পাদুকাশিল্প খাতের এপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার, বে ফুটওয়্যার, লালমাই ফুটওয়্যার, পাওলো ফুটওয়্যার ও বেঙ্গল সুজের কারখানার নাম আছে। সিরামিক শিল্পের মধ্যে মুন্নু, ফার, প্রতীক ও অর্টিসান সিরামিক এবং প্লাস্টিক শিল্পের প্রাণ-আরএফএল গ্রুপের ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নাম রয়েছে। আর চামড়াশিল্পের কালোর্স লেদার ফ্যাশনের নাম আছে অ্যাকর্ডের এ তালিকায়।

এ বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ইইউর ক্রেতারা বাংলাদেশ থেকে তৈরি পোশাক ছাড়া অন্য পণ্যসামগ্রীও আমদানি করেন। সে কারণেই পোশাকশিল্পের পাশাপাশি ওই সব কারখানার নামও পরিদর্শনের জন্য তালিকায় রেখেছেন। এতে বিশেষ কোনো কারণ নেই।

জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, কারখানা পরিদর্শন কার্যক্রমটি একটি সমন্বিত নীতিমালা মেনে করার কথা রয়েছে। জাতীয় কর্মপরিকল্পনার অধীনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) নীতিমালাটি প্রস্তুত করতে বুয়েটকে দায়িত্ব দিয়েছে।

বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) নির্বাহী পরিচালক কল্পনা আক্তার বলেন, অ্যাকর্ডের পক্ষ থেকে কারখানার অগ্নিনিরাপত্তা, বৈদ্যুতিক সরঞ্জাম ও জাতীয় ভবন নীতিমালা মেনে ভবন তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হতে পারে।

প্রসংগত, রানা প্লাজা ধসের পর বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর ওপর বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার জন্য চুক্তি করার ব্যাপারে আইএলও, আন্তর্জাতিক শ্রমিক সংঘ ও সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী চাপ তৈরি করে। এরই ধারাবাহিকতায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের ব্র্যান্ডের প্রতিনিধিরা একটি চুক্তি করে অ্যাকর্ড গঠন করেন।

এখন পর্যন্ত ৯০ ব্র্যান্ড এ চুক্তিতে স্বাক্ষর করে। এর মধ্যে উল্লেখযোগ্য টেসকো, নেক্সট, ক্যারিফোর, সিঅ্যান্ডএ, বেস্টসেলার, মেট্রো, ম্যাঙ্গো, ইন্ডিটেক্স, জন লুইস, এইচঅ্যান্ডএম, পিভিএইচ, লোবল ইত্যাদি।