১৬ কোটি মানুষকে খাওয়ানোই চ্যালেঞ্জ
১৬ কোটি মানুষকে খাওয়ানোই বড় চ্যালেঞ্জ। এ জন্য উচ্চ ফলনশীল কৃষির দিকেই বেশি মনোযোগ দেওয়া হচ্ছে।
গতকাল রোববার বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) সভার প্রথম দিনের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে অধিবেশনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা বলেন। তিনি আরও বলেন, এখন কৃষকেরা ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারছেন। এটা একসময় অবিশ্বাস্য ছিল। আর মহাজনী ব্যবসা তো ইতিহাস হয়ে গেছে। এটা বইয়ে আছে, বাস্তবে নেই। এভাবে তিনি বাংলাদেশের কৃষি খাতের কথা দাতাদের সামনে তুলে ধরেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিডিএফ সভা চলছে।
মতিয়া চৌধুরী বলেন, সরকার কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার এবং কৃষিপণ্যের বাজারজাতকরণকে বেশি প্রাধান্য দিচ্ছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন পরিবর্তিত পরিস্থিতিতে সহায়ক শস্য উৎপাদনে জোর দেওয়া হচ্ছে।
এ অধিবেশনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কুনদাবি কাদিরিশান বলেন, খাদ্য নিরাপত্তা ভালো হলেও বাংলাদেশে অপুষ্টি ও খর্বাকৃতির সমস্যা রয়ে গেছে। শুধু গরিব মানুষ নয়, সামর্থ্যবান মানুষের মধ্যে এ সমস্যা রয়েছে। এ জন্য সুষম পুষ্টিসম্পন্ন খাদ্য নিশ্চিত করতে হবে।
এ কর্ম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক। বক্তব্য দেন পরিবেশ ও বনসচিব কামাল উদ্দিন আহমেদ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।