
দেশের সরকারি চিনিকলগুলো বছর বছর শুধু লোকসান গুনে যাচ্ছে। ভবিষ্যতে চিনি বিক্রি করে তারা লাভ করবে, এমন আশাও নেই। সরকারি চিনিকলের এই লোকসানের দায় বইতে হচ্ছে দেশের মানুষকে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীনে থাকা ১৫টি চিনিকলে গত ১৬ বছরে প্রায় ৩ হাজার ১৭৯ কোটি টাকা লোকসান হয়েছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত হিসাবে করপোরেশনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চার হাজার কোটি টাকা। অন্যদিকে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব অনুযায়ী, চিনি শিল্প করপোরেশনের কাছে সরকারের বকেয়া পাওনা (ডিএসএল) দাঁড়িয়েছে প্রায় ৩৮৩ কোটি টাকা।
প্রতিবছর এ লোকসানের কারণ বাজারদরের চেয়ে সরকারি চিনির উৎপাদন খরচ অনেক বেশি হওয়া। বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) এক সমীক্ষা অনুযায়ী, এক কেজি সরকারি চিনি উৎপাদনে খরচ হয় ৮৮ টাকা। তা এখন বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।
চিনিকলগুলোতে শুধু চিনি উৎপাদন করে লাভের আশা না থাকায় সরকার এখন সেগুলোতে চিনির উপজাত থেকে বিভিন্ন পণ্য উৎপাদনের পরিকল্পনা করেছে। এ জন্য বিদেশি বিনিয়োগ পাওয়ার চেষ্টা করছে শিল্প মন্ত্রণালয়। ইতিমধ্যে কয়েকটি চিনিকল ঘুরে দেখেছে চীনা বিনিয়োগকারীরা। এ তালিকায় সাঁওতালদের উচ্ছেদ করে আলোচনায় থাকা রংপুর চিনিকলটিও আছে।
প্রথম প্রজন্মের শিল্পগুলোর একটি চিনিকল। স্বাধীনতার আগে ও পরে সরকারি চিনিকলগুলোই দেশের চাহিদা পূরণ করত। কিন্তু বছরের পর বছর ধরে এসব চিনিকলের উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়নি। আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। আখ চাষ বাড়ানোরও উদ্যোগ ছিল না। বিপরীতে বেসরকারি খাতে বিপুল উৎপাদন ক্ষমতার মিল চালু হয়েছে। ফলে বাজারে সরকারি চিনিকলের ভূমিকা এখন গৌণ হয়ে গেছে।
দুটি বিক্রি হয়ে যাওয়ার পর এখন শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা বিএসএফআইসির আওতায় চিনিকল আছে ১৫টি। এসব চিনিকলের তিনটি প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশ আমলে, নয়টি পাকিস্তান আমলে ও তিনটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। এদের মোট উৎপাদন ক্ষমতা মাত্র ২ লাখ ১০ হাজার টন।
সরকারি হিসাবে দেশে এখন বছরে ১৪ লাখ টন পরিশোধিত চিনির প্রয়োজন হয়। ২০১৫-১৬ অর্থবছরে সরকারি চিনিকলে উৎপাদিত হয়েছে মাত্র ৫৮ হাজার টন চিনি। বিপরীতে বেসরকারি খাতের প্রতিষ্ঠান সিটি গ্রুপের চিনি উৎপাদন ক্ষমতা ১৫ লাখ টন।
বর্তমান পরিস্থিতিতে চিনি শিল্প নিয়ে কী করা উচিত—এ বিষয়ে মতামত জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম প্রথম আলোকে বলেন, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বলা যায়, একটি প্রতিষ্ঠান বছর বছর লোকসান দিলে এমনিতেই তা বন্ধ হয়ে যাবে। তবে চিনিকল সরকারি, সরকার একে পুরোপুরি ব্যবসা হিসেবে দেখে না। তিনি বলেন, এটা সরকারের বিবেচনার বিষয় যে তারা এসব মিলকে রাখবে, আরও উন্নত করে লাভজনক করার উদ্যোগ নেবে, নাকি বন্ধ করে দেবে। অবশ্যই এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।
জানতে চাইলে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সম্প্রতি প্রথম আলোকে বলেন, সরকার এসব মিল চালাতে আগ্রহী। সরকারের সিদ্ধান্তও এটাই। তবে মিলগুলো লাভজনক করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু চিনি উৎপাদন না করে মিলগুলোকে বহুমুখী করা হবে।
বছর বছর লোকসান বাড়ছে
সরকারি চিনিকলগুলোর লোকসান কমার বদলে বছর বছর তা বাড়ছে। ২০১৪ ও ২০১৫ সালে বিশ্ববাজারে চিনির দাম কমে টনপ্রতি ২৫০ ডলারের নিচে নেমে যায়। এতে চিনিকলের লোকসান বেড়ে ২০১৩-১৪ অর্থবছরে প্রায় ৫৬৫ কোটি টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ৫৪০ কোটি টাকা হয়।
বিশ্ববাজারে চিনির দাম বাড়লে দেশীয় বাজারে দাম বাড়ার প্রবণতা ঠেকাতেও বিশেষ কোনো ভূমিকা নিতে পারে না চিনি শিল্প করপোরেশন। সম্প্রতি চিনির দাম বিশ্ববাজারে টনপ্রতি ৫৪০ ডলারে ওঠার পর দেশের বাজারেও চিনি কেজিপ্রতি ৭৫ টাকায় উঠেছিল। এ সুযোগে চিনি শিল্প করপোরেশন তাদের চিনির দাম ৪৮ টাকা বাড়িয়ে ৬০ টাকা করেছে। আর তাদের প্যাকেটজাত চিনির দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।
চীনা বিনিয়োগের চিন্তা
লোকসানে থাকা চিনিকলে বিনিয়োগের আগ্রহ দেখানো চীনা প্রতিষ্ঠানটির নাম সিনোলাইট ইন্টারন্যাশনাল হোল্ডিং করপোরেশন। গত ৯ নভেম্বর চিনি শিল্প করপোরেশনকে দেওয়া এক চিঠিতে কোম্পানিটি বলেছে, সরকার চিনিশিল্পকে পুনর্গঠন করার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে তারা করপোরেশনকে কারিগরি ও আর্থিক সহায়তা দিতে প্রস্তুত। এ জন্য করপোরেশনকে তারা একটি পরিশোধনাগার নির্মাণে নজর দিতে বলেছে।
রংপুর চিনিকল ছাড়াও তারা আরও কয়েকটি চিনিকল ঘুরে দেখে একটি সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন বা ফিজিবিলিটি স্টাডি পাঠিয়েছে। জানা গেছে, চীনা প্রতিনিধিদলকে শিল্প মন্ত্রণালয় থেকে চিনিকলগুলো দেখতে পাঠানো হয়েছিল।
জানতে চাইলে বিএসএফআইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, চিনিকলগুলো লাভে আনার চেষ্টা চলছে। এ জন্য ঠাকুরগাঁও ও নর্থবেঙ্গল চিনিকলে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও দুটি চিনিকলে এমন প্রকল্প নিতে বলেছেন। পর্যায়ক্রমে সব কটি চিনিকলে পণ্য বহুমুখী করা হবে।