১৬ ব্রোকারেজ হাউসকে ১৯ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি
পুঁজিবাজার-সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ১৬টি ব্রোকারেজ হাউসকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত মঙ্গলবার এক সভায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে ১৪টিকে এক লাখ করে মোট ১৪ লাখ টাকা এবং সিনহা সিকিউরিটিজকে অপর এক অপরাধে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফলে এই ১৪ প্রতিষ্ঠানকে মোট জরিমানা করা হয় ১৫ লাখ টাকা। এ ছাড়া অপর দুটি ব্রোকারেজ হাউসকে দুই লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।এ ছাড়া তালিকাভুক্ত কয়েকটি কোম্পানির শেয়ার লেনদেনে আইন ভঙ্গ করার কারণে পাঁচজন বিনিয়োগকারীকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। যে ১৪টি ব্রোকারেজ হাউসকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে সেগুলো হলো বি রিচ, মোনা ফিন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজ, মিরপুর সিকিউরিটিজ, ওয়েস্টার্ন সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজ, সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজ, আল মুনতাহা টেড্রিং কোম্পানি, হ্যাক সিকিউরিটিজ, এসআইবিএল সিকিউরিটিজ, সিনহা সিকিউরিটিজ, শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট, সালতা ক্যাপিটাল, এম সিকিউরিটিজ ও আইসিবি সিকিউরিটিজ। এ ছাড়া যে দুটি ব্রোকারেজ হাউসকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়, সেগুলো হলো গ্লোবাল সিকিউরিটিজ ও ওষাধি সিকিউরিটিজ।এসব প্রতিষ্ঠান তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে আইন ভঙ্গ করেছে। এর মধ্যে বেশির ভাগ প্রতিষ্ঠানই ঋণ অযোগ্য শেয়ারে ঋণসুবিধা দিয়েছে।আর বিএসইসির সভায় যে পাঁচজন বিনিয়োগকারীকে সতর্ক করার সিদ্ধান্ত হয়েছে তাঁরা হলেন আবদুল কাদের, মোহাম্মদ গোলাম মোস্তফা, সেলিম সয়্যাল, মাহবুব উর রহমান ও রাজ্জাকুল হায়দার ভূঁইয়া। এর মধ্যে প্রথম দুজনকে জিকিউ বলপেন এবং শেষের তিনজনকে প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ার লেনদেনে আইন ভঙ্গের জন্য সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এর বাইরে ব্রোকার হাউস ও স্টক ডিলার প্রতিষ্ঠানগুলোর ওপর তদারকি বাড়ানোর লক্ষ্যে তৈরি করা নতুন দিকনির্দেশনাটি চূড়ান্তভাবে অনুমোদন করা হয় বিএসইসির মঙ্গলবারের সভায়। এর ফলে ব্রোকারেজ হাউস ও স্টক ডিলার প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন কার্যক্রম আরও জোরদার ও সুচারুভাবে সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।