১৬ সেপ্টেম্বরের আগে বন্ধ হচ্ছে না সিটিসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের প্রথম মুঠোফোন অপারেটর প্যাসিফিক টেলিকম বাংলাদেশের (সিটিসেল) কার্যক্রমে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাধা না দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত। কার্যক্রম বন্ধের বিরুদ্ধে সিটিসেলের করা স্থগিতাদেশ (ইনজাংশন) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, যেহেতু ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সিটিসেলকে কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে, সেহেতু এই সময়ের আগে প্রতিষ্ঠানটির কার্যক্রমে বিঘ্ন ঘটানো যাবে না।
৪৭৭ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে না পারায় সিটিসেলের লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ১৭ আগস্ট প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় বিটিআরসি। এ বিষয়ে জবাব দিতে সিটিসেলকে ৩০ দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। তবে সিটিসেলের গ্রাহকদের বিকল্প সেবা নেওয়ার জন্য গত ৩১ জুলাই একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি। সেই বিজ্ঞপ্তিতে ১৬ আগস্টের মধ্যে গ্রাহকদের বিকল্প নিতে সময় বেঁধে দেওয়া হয়। পরে ওই সময়সীমা ২৩ আগস্ট, অর্থাৎ আজ মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়।

লাইসেন্স বাতিলের নোটিশের জবাব দেওয়ার জন্য এক মাসের সময় দেওয়া হলেও আগামীকাল মধ্যরাত থেকেই সিটিসেলের কার্যক্রম বন্ধের সব প্রস্তুতি নিয়ে রেখেছিল বিটিআরসি। আদালতের নির্দেশনার কারণে বিটিআরসিকে এখন সেই উদ্যোগ থেকে সরে আসতে হবে। বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ বিষয়ে করণীয় ঠিক করতে আজ মঙ্গলবার একটি বৈঠক হবে।

সিটিসেলের পক্ষে গতকাল শুনানি করেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব ও সৈয়দ মাহছিব হোসেইন।

এদিকে বকেয়া পেতে সিটিসেল অবসায়ন (ওয়াইন্ড আপ) বিষয়ে চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের করা আবেদনের ওপর ৪ সেপ্টেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট। গত বছরের জুলাইতে মামলাটি করেছিল সিটিসেলের অন্যতম অর্থায়নকারী প্রতিষ্ঠান চায়না ডেভেলপমেন্ট ব্যাংক। তাদের দাবি, সিটিসেলের কাছে তাদের পাওনা ৩ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার বা ২৯৩ কোটি টাকা।

১৯৮৯ সালে দেশের প্রথম মুঠোফোন অপারেটর হিসেবে টেলিযোগাযোগ সেবা দেওয়ার লাইসেন্স পায় সিটিসেল। ১৯৯৩ সালে যাত্রা শুরু করা সিটিসেলে বর্তমানে ৫৫ ভাগ শেয়ারের মালিক দেশীয় শিল্পগোষ্ঠী প্যাসিফিক মোটরস ও ফার ইস্ট টেলিকম। এর মধ্যে প্যাসিফিক মোটরসের শেয়ারের পরিমাণ ৩৭ দশমিক ৯৫ শতাংশ আর ফার ইস্ট টেলিকমের ১৭ দশমিক ৫১ শতাংশ। বাকি ৪৪ দশমিক ৫৪ শতাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুরভিত্তিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান সিংটেল।

এদিকে সিটিসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের উদ্দেশে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা কার্যক্রম চালিয়ে যাবে।