
রাজধানীতে আয়কর মেলা শুরু হয়েছে। আগারগাঁওয়ের নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে সাত দিনব্যাপী এ মেলা চলছে। প্রথম দিনেই বিপুলসংখ্যক করদাতার সমাগম হয়েছে। কেউ আয়কর বিবরণী জমা দিচ্ছেন, কেউ ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ইটিআইএন) নিচ্ছেন। কেউ জানতে এসেছেন কীভাবে বিবরণী লিখতে হয়। সারা দিন এমনই ভিড় ছিল মেলার সব স্টলে।
গতকাল মঙ্গলবার দুপুরে এ মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুপুরে মেলার উদ্বোধন করা হলেও সকাল থেকেই মেলা প্রাঙ্গণে করদাতা ও দর্শনার্থীদের ভিড় শুরু হয়। এ ছাড়া রাজধানীর পাশাপাশি গতকাল থেকে সব বিভাগীয় শহরে সাত দিনব্যাপী এ কর মেলা শুরু হয়েছে। বিভিন্ন জেলা শহরেও মেলা হচ্ছে।
গতকাল দুপুরে রাজধানীর কর মেলায় আসেন মিরপুর শেওড়াপাড়ার বাসিন্দা হারুন উর রশিদ। ছোটখাটো ব্যবসা করেন। তিনি ইটিআইএন নিতে এসেছেন। মেলার একটি বুথে গিয়ে নির্দিষ্ট ফরম নিয়ে পূরণ করে জমা দেওয়ার আধঘণ্টার মধ্যেই তিনি ইটিআইএন সনদ হাতে পেয়ে গেলেন। এ প্রতিবেদককে তিনি বলেন, ‘এত দিন অনেক হয়রানির কথা শুনেছি। কিন্তু মেলায় খুব সহজেই ইটিআইএন পেয়ে গেলাম।’
ডি এম ফেরদৌস ইফতেখার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। কয়েক বছর ধরে কর মেলায় এসে বার্ষিক আয়কর বিবরণী জমা দেন তিনি। এবারও এর ব্যতিক্রম হয়নি। প্রথম দিনেই গতকাল সকালে এসেই তিনি আয়কর বিবরণী জমা দিলেন।
মেলায় করদাতারা আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথও পাচ্ছেন। আর করদাতাদের সহায়তা করার জন্য সহায়তাকেন্দ্র আছে। একই ছাদের নিচে ইটিআইএন, পুনর্নিবন্ধন, রিটার্ন জমা—সব সেবা মিলছে। করদাতা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে। এ ছাড়া নারী, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, প্রবীণ করদাতাদের জন্য আলাদা বুথ আছে। এ ছাড়া এবারই প্রথমবারের মতো অনলাইনে রিটার্ন জমা বা ই-ফাইলিং করার সুযোগ পাবেন।
সব মিলিয়ে মোট ১০৯টি বুথ থেকে এসব সেবা দিচ্ছে এনবিআর। এবারের মেলার নতুনত্ব হলো, কর শিক্ষণ ফোরাম গঠন করা হয়েছে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসে কর সম্পর্কে জানতে পারছেন। গতকাল কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা কর সম্পর্কে জানতে এসেছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, সারা দেশের মেলায় গতকাল প্রথম দিনে মোট ৫৯ হাজার ২৯২ জন বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন। বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন ১৬ হাজার ৮৬ জন করদাতা। এতে রাজস্ব আদায় হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ টাকা। নতুন ইটিআইএন নিয়েছেন ৪ হাজার ৮৭৫ জন।
২০১০ সালে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এরপর প্রতিবছরই মেলার পরিধি বেড়েছে। আর করদাতাদের মধ্যে কর মেলা জনপ্রিয় হয়ে উঠছে।
উদ্বোধন: উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, চলতি বছরের মধ্যেই কর শনাক্ত নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ২৫ লাখ হবে। তিনি আরও বলেন, এটা বেশ লজ্জার বিষয় যে ১৬ কোটি মানুষের দেশে মাত্র ১৩ লাখ লোক কর দেন। এখন একটু উন্নতি হচ্ছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, একসময় মানুষ করের কথা বললেই ভয় পেতেন। মনে করতেন, বাঘের থাবা। এখন মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর দেন।
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, এনবিআর সদস্য আবদুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে ই-ফাইলিং কার্যক্রমও উদ্বোধন করা হয়।