১৬ হাজার ৪০০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৫-১৬ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে লক্ষ্যমাত্রা পূরণে আরও কঠোর হয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরে ব্যাংকগুলোকে ১৬ হাজার ৪০০ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করতে হবে, যা গত ২০১৪-১৫ অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সাড়ে ৫ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার চলতি অর্থবছরের জন্য যে ‘কৃষিঋণ নীতিমালা ও কর্মসূচি’ ঘোষণা করেছে, তাতে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলনকক্ষে গতকাল আনুষ্ঠানিকভাবে কৃষিঋণ-সংক্রান্ত নীতিমালা ও কর্মসূচির উদ্বোধন করেন গভর্নর আতিউর রহমান। এ সময় ঘোষিত নীতিমালার লক্ষ্য, উদ্দেশ্যসহ বিভিন্ন দিক তুলে ধরেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। অনুষ্ঠানে দেশের সরকারি, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি অর্থবছরে যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, তাতে বেসরকারি ও বিদেশি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের নিজ নিজ মোট ঋণ ও অগ্রিমের আড়াই শতাংশ এ খাতে বিতরণ করতে হবে। তবে নতুন নয়টি ব্যাংকের ক্ষেত্রে এ হার ঠিক করা হয়েছে ৫ শতাংশ।
কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণে কঠোর অবস্থানের কথাও জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর বলেছেন, লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ ব্যাংকগুলোকে অর্থবছর শেষে লক্ষ্যমাত্রার অনার্জিত অংশ বাধ্যতামূলকভাবে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। জমা দেওয়া ওই অর্থের বিপরীতে কোনো ধরনের সুদ পাবে না ব্যাংকগুলো।
ধরা যাক, কোনো একটি ব্যাংকের জন্য ১০০ টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। কিন্তু সারা বছরে ওই ব্যাংক বিতরণ করতে পেরেছে ৭০ টাকা। তাহলে অর্থবছর শেষে লক্ষ্যমাত্রার বাকি ৩০ টাকা বাধ্যতামূলকভাবে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
এ ছাড়া নতুন শাখা খোলাসহ ব্যাংকের নানা কার্যক্রমের মূল্যায়নের ক্ষেত্রেও কৃষিঋণ বিতরণের সফলতা-ব্যর্থতাকে বিবেচনায় নেবে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সদ্য বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৫৫০ কোটি টাকা। বছর শেষে রাষ্ট্রমালিকানাধীন ৬টি, বিশেষায়িত ২টি, বেসরকারি ৩৮টি ও ৯টি বিদেশি ব্যাংক মিলে ১৫ হাজার ৯৭৮ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ১০৩ শতাংশ। অর্থাৎ গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। তারই পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে চলতি অর্থবছরে এ লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে।
চলতি অর্থবছরে ১৬ হাজার ৪০০ কোটি টাকার কৃষিঋণ বিতরণের যে লক্ষ্য ঠিক করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে বিতরণ করতে হবে ৬ হাজার ৪০০ কোটি টাকা। রাষ্ট্রমালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংককে ২ হাজার ৮৯০ কোটি, নয়টি বিদেশি মালিকানাধীন ব্যাংককে ৩৯৩ কোটি ও ৩৮টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংককে বিতরণ করতে হবে ৬ হাজার ৭১৭ কোটি টাকা। এ জন্য ঋণের আওতা বাড়ানো হয়েছে এবং সহজ করা হয়েছে ঋণ গ্রহণ প্রক্রিয়া। প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ঋণ আবেদনের একটি নমুনাপত্রও তৈরি করে দেওয়া হয়েছে।
গভর্নর বলেছেন, আমদানি বিকল্প ফসল চাষে বাড়তি উৎসাহ প্রদান, নেপিয়ার ঘাস, ক্যাপসিকাম চাষ, আম ও লিচু চাষ, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নকে এবারের কৃষিনীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চাষাবাদ, উপকরণ সংগ্রহ ও বাজারজাত পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কৃষক যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেটিকে মাথায় রেখে কৃষিঋণ বিতরণের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে ব্যাংকের নির্বাহীদের প্রতি আহ্বান জানান গভর্নর।
ব্যাংকভেদে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা (কোটি টাকায়)
বিশেষায়িত ২টি ব্যাংক ৬৪০০
রাষ্ট্রমালিকানাধীন ৬টি ব্যাংক ২৮৯০
বেসরকারি ৩৮টি ব্যাংক ৬৭১৭
বিদেশি ৯টি ব্যাংক ৩৯৩
মোট ১৬,৪০০