১৬-২২ সেপ্টেম্বর আয়কর মেলা
আগামী ১৬ থেকে ২২ সেপ্টেম্বর সারা দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলায় আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এবারের মেলার উদ্দেশ্য অনলাইনে আয়কর প্রদানে উৎসাহিত করা। এবারই প্রথমবারের মতো সাতটি বিভাগীয় শহরের পাশাপাশি দেশের বড় ১২টি জেলায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া আগামী ১৫ সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণভাবে আয়কর দিবস পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগীয় শহরে মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো ১২টি বড় জেলা শহরে আয়কর মেলার আয়োজন করেছে আয়কর বিভাগ। জেলাগুলো হলো ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লা, নোয়াখালী, দিনাজপুর, যশোর, পটুয়াখালী, ফরিদপুর, পাবনা, বগুড়া ও গাজীপুর।গতবারের মতো এবার আয়করদাতাদের বিশেষ সম্মাননা দেওয়া হবে। সর্বোচ্চ করদাতা ও দীর্ঘ সময় ধরে কর দেন এমন করদাতা—এই দুই ক্যাটাগরিতে সম্মাননা দেবে আয়কর বিভাগ। প্রতিটি বিভাগীয় শহরের পাঁচজন সর্বোচ্চ করদাতা ও পাঁচজন দীর্ঘ সময় ধরে কর দেন এমন করদাতাকে এই বিশেষ সম্মান দেবে এনবিআর। আর জেলা পর্যায়ে দুজন করে সর্বোচ্চ করদাতা ও দীর্ঘ সময় ধরে কর দেন এমন করদাতা সম্মাননা পাবেন। জানা গেছে, সম্মাননা দেওয়ার জন্য ইতিমধ্যে কয়েক শ করদাতার প্রাথমিক তালিকা তৈরি করেছে আয়কর বিভাগ। এখন এই তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। আয়কর বিভাগের সদস্য এম এ কাদের সরকার প্রথম আলোকে বলেন, মূলত অনলাইনে কর প্রদান করাকেই এবারের মেলায় বেশি উৎসাহিত করা হবে। আর মেলায় এসে করদাতারা যাতে সহজে তাঁদের বার্ষিক রিটার্ন দাখিল করতে পারেন সেজন্য বুথ থাকবে। এ ছাড়া কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়ার জন্য মেলায় বুথ থাকবে। আর সব সেবাই দেওয়া হবে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে।জানা গেছে, গত বছর দেশের বিভাগীয় শহরগুলোয় অনুষ্ঠিত আয়কর মেলায় প্রায় ৬৪ হাজার করদাতা আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করেন। এ থেকে প্রায় ৪০০ কোটি টাকা রাজস্ব পায় এনবিআর। এ বছর মেলায় এক লাখ করদাতার রিটার্ন দাখিলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ বছর আয়কর মেলা থেকে প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব আয় হবে বলে আশা করছে এনবিআর। আয়কর দিবস উপলক্ষে ব্যাপক উদ্যোগ নিয়েছে এনবিআর। শোভাযাত্রা, আলোচনাসভা, প্রচারণামূলক সাজসজ্জা, রেডিও-টিভিতে প্রচারণামূলক বিজ্ঞাপন ইত্যাদি কার্যক্রম রয়েছে। অন্যবারের মতো আয়কর দিবসের মূল অনুষ্ঠান হবে রাজধানী ঢাকায়। এর পাশাপাশি প্রতিটি জেলাশহরেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।