১৬০ কারখানাকে সনদ দেওয়া স্থগিত করেছে বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভবনের ছাদ উন্মুক্ত রাখা হচ্ছে না
ভবনের ছাদ উন্মুক্ত রাখা হচ্ছে না

কারখানা ভবনের ছাদের অন্তত ২৫ শতাংশ উন্মুক্ত না রাখার অভিযোগে ১৬০টি তৈরি পোশাক কারখানা প্রতিষ্ঠানকে ইউটিলাইজেশন ডিক্লারেশন বা ইউডি সনদ দেওয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
গত জুলাই মাসের শেষ দিকে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সমিতি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দিয়েছে, কারখানা ভবনের ছাদের ২৫ শতাংশ উন্মুক্ত না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। আর এই স্থগিতাদেশের কারণে ওই ১৬০টি প্রতিষ্ঠান শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি কিংবা পণ্য রপ্তানি করতে পারবে না।
জানা যায়, সাভারের রানা প্লাজা ধসের পর বিজিএমইএ তাদের নিজস্ব প্রকৌশলী ও অগ্নিনির্বাপণবিষয়ক কর্মকর্তাদের দিয়ে সদস্য প্রতিষ্ঠানের কারখানা ভবন পরিদর্শন শুরু করেছে। এখন পর্যন্ত ঢাকা, সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৮৮৫টি পোশাক কারখানা পরিদর্শন শেষ হয়েছে।
সংগঠনের এই পরিদর্শন দল ভবনের কাঠামোগত নকশা, অগ্নিনির্বাপক যন্ত্রপাতি, শিশুশ্রম আছে কি না, আগুন লাগলে কলাপসিবল গেট খোলা না বন্ধ থাকে, বিজিএমইএর নিয়ম অনুযায়ী ছাদে ২৫ শতাংশ উন্মুক্ত জায়গা আছে কি না ইত্যাদি বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। এ সময়ই কারখানা ভবনের ছাদে উন্মুক্ত জায়গা নেই—এমন ১৬০টি পোশাক কারখানার তালিকা তৈরি করা হয়। এসব কারখানার বেশির ভাগেরই ছাদের ওপর কোনো ধরনের উন্মুক্ত জায়গা নেই। যাদের আছে, তাদেরও ৫ থেকে ১০ শতাংশের বেশি নয়।
এ বিষয়ে জানতে চাইলে সমিতির সহসভাপতি শহিদুল্লাহ আজিম বিষয়টি নিশ্চিত করে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের নিরাপত্তার স্বার্থেই এটি করা হচ্ছে। বসবাস বা অন্য কাজের জন্য বানানো হলেও যেসব ভবনে পোশাক কারখানা করা হয়েছে, সেগুলো আমরা পরিদর্শন করছি। এসব কারখানাতেই বেশি সমস্যা রয়ে গেছে। পর্যায়ক্রমে সব কারখানা পরিদর্শন করা হবে।’
ছাদের ওপর খোলা রাখার বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি কারখানা ভবনের ওপরের ছাদ পুরোটাই উন্মুক্ত রাখা উচিত। কারণ, এটি না থাকলে অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকাজ পরিচালনা করতে বেশ বেগ পেতে হয়।
সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আগুন লাগলে কালো ধোঁয়া সিঁড়ির খোলা জায়গা দিয়ে ওপরে ওঠে যায়। তখন ওপরে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, তবে ধোঁয়া দ্বিগুণ বেগে আবার নিচে নেমে আসে। এ কারণে ভবনের ভেতরে থাকা শ্রমিকেরা শ্বাসকষ্টে মারা যেতে পারেন।
কর্মকর্তারা আরও জানান, আগে ভবনের ছাদের পুরোটাই খোলা রাখার বিধান ছিল। তবে বছর কয়েক আগে মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিজিএমইএ নিজেদের ইচ্ছেমতো ছাদের ওপর ২৫ শতাংশ খোলা রাখার বিষয়ে অনুমোদন নিয়ে নেয়। তবে এই সিদ্ধান্তটিও শেষ পর্যন্ত অধিকাংশ পোশাক কারখানার মালিক মানছেন না।
এ বিষয়ে শহিদুল্লাহ আজিম বলেন, ‘নিয়ম অনুযায়ী ছাদের ২৫ শতাংশ খোলা রাখতে হবে। বাকি ৭৫ শতাংশ জায়গায় খাওয়া ও নামাজের ঘর ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। সেখানে কোনো সেলাইযন্ত্র বসানো কিংবা উৎপাদন-সংশ্লিষ্ট কোনো কাজই করানো যাবে না।’ তিনি আরও বলেন, যাঁরা এটি মানছেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।