১৬০ কোটি টাকার আরও দুটি জাহাজ রপ্তানি হচ্ছে
জার্মানির গ্রোনা শিপিং কোম্পানির কাছে আরও দুটি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। প্রায় ১৬০ কোটি টাকা মূল্যের এই দুটি জাহাজ আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ড্রাইডক জেটিতে জার্মান আমদানিকারকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।জার্মানির এই কোম্পানির কাছে প্রায় ৯৬০ কোটি টাকা মূল্যের মোট ১২টি জাহাজ রপ্তানির চুক্তি করেছিল ওয়েস্টার্ন মেরিন। সেই চুক্তি অনুযায়ী ‘ইএমএস লেক’ ও ‘ইএমএস ডলার্ট’ নামের এই দুটি জাহাজ রপ্তানি হচ্ছে। এর আগে গত ২৬ নভেম্বর একই দামের আরও দুটি জাহাজ রপ্তানি করেছে দেশীয় এই প্রতিষ্ঠান।নগরের একটি হোটেলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন। এ সময় কোম্পানির পরিচালক মো. আবদুল মবিন ও মো. আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।সাখাওয়াত হোসেন বলেন, ‘তারল্য সংকটের কারণে ব্যাংক তাঁদের টাকা দিতে পারছে না। ১৫ মার্চ চিঠি দিয়ে ব্যাংকগুলো সুদের হার ১৩ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার কথা জানিয়েছে। অথচ আমাদের প্রতিযোগিতা করতে হচ্ছে বিশ্বের জাহাজ নির্মাণকারী দেশগুলোর সঙ্গে। সুদের হার ও ব্যাংক গ্যারান্টি মিলে বিশ্বের অন্য দেশগুলোর চেয়ে আমাদের ১০ শতাংশ বেশি সুদ দিতে হচ্ছে। এটা এই শিল্পের জন্য সহায়ক নয়।’সুদের উচ্চহারের কারণে দুটি জাহাজ বানানোর আদেশ না পাওয়ার তথ্য জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা প্রতিটি জাহাজের দাম ৮০ লাখ ইউরো প্রস্তাব দিয়েছি। অন্যদিকে চীনের একটি কোম্পানি ৭২ লাখ ইউরোর প্রস্তাব দিয়ে কাজটি বাগিয়ে নিয়েছে। সুদের হার যদি কম হতো, তাহলে একই দরে আমরা কাজটি নিতে পারতাম।’সংবাদ সম্মেলনে জানানো হয়, এই দুটি জাহাজ নির্মাণে দেশীয় প্রকৌশলীদের অবদান বেশি। আগের দুটি জাহাজে ৩৯ জন বিদেশি বিশেষজ্ঞ কাজ করেছেন। এবার মাত্র ১৫ জন বিদেশি বিশেষজ্ঞের প্রয়োজন হয়েছে। দেশীয় ২৫০ জন প্রকৌশলী ও সাড়ে তিন হাজার শ্রমিক এই প্রতিষ্ঠানে জাহাজ নির্মাণের কাজ করছেন।অনুষ্ঠানে বলা হয়, এই দুটি জাহাজে তিন হাজার টন লোহা ব্যবহূত হয়েছে। প্রায় ২২ কিলোমিটার মেরিন কেব্ল এবং মরিচা প্রতিরোধ ও সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয়েছে ২৪ হাজার লিটার রং। প্রায় ১০০ মিটার লম্বা এই জাহাজে পণ্যের ধারণক্ষমতা পাঁচ হাজার ২০০ টন।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই দুটি জাহাজ বহুমুখী পণ্য পরিবহনের উপযোগী করে তৈরি করা হয়েছে। জাহাজ দুটি হিমশীতল ও প্রতিকূল পরিবেশে স্বচ্ছন্দে চলাচলে সক্ষম। এন্টিগুয়া অ্যান্ড বারমুডার পতাকাবাহী জাহাজ দুটির গতি ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল। আন্তর্জাতিক নৌ সংস্থার সর্বশেষ নির্দেশনা ও জার্মানশিয়র লয়েডের নিবিড় তত্ত্বাবধানে জাহাজ দুটি নির্মাণ করা হয়েছে। এর আগে রপ্তানি হওয়া একটি জাহাজ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছে উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘সেটি অবশ্য মুক্ত হয়েছে। তবে এবার মালিকপক্ষ জাহাজটি নিয়ে যাওয়ার জন্য গানম্যান দেওয়ার অনুরোধ করেছে আমাদের। কিন্তু এখানে নিয়ম না থাকায় মালিকপক্ষ এখন কলম্বো থেকে গানম্যান নিতে পারে।’