১৬৪ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ সচল
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) ১৬৪ দিন পর গত সোমবার রাতে গ্যাস সরবরাহ সচল করা হয়েছে।এর আগে গত ২৬ মার্চ এক সরকারি নির্দেশে ইরি-বোরো মৌসুমে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার কথা উল্লেখ করে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তখন থেকে এই কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় এবং এতে ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকে।এদিকে জেএফসিএল সূত্রে জানা গেছে, টানা ১৬৪ দিন উৎপাদন বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির ৪০০ কোটি টাকা লোকসান হয়েছে।তবে দীর্ঘদিন কারখানা বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ পাওয়া গেলেও যমুনা সার কারখানার পক্ষে এখনই উৎপাদনে যাওয়া সম্ভব হচ্ছে না।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে জানান, এতে সার উৎপাদন শুরু করতে আরও সাত-আট দিন সময় লাগবে।