১৭ কোটি ডলার দিচ্ছে এডিবি
দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের বিভিন্ন প্রকল্পে ১৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। টাকার অঙ্কে এর পরিমাণ ১ হাজার ৩৩৬ কোটি টাকা (৮০ টাকা প্রতি ডলার দর ধরে)। মূলত রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের গ্যাসের সরবরাহ ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য নেওয়া প্রকল্পে এ অর্থ খরচ করা হবে। ইতিমধ্যে এডিবির বোর্ড সভায় এর অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল সোমবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ৪৫ কোটি ৩০ লাখ ডলারের ওই প্রকল্পটি ২০২১ সালের মধ্যে শেষ হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ডের অনুমোদন সাপেক্ষে আরও ৬ কোটি ডলার দেওয়ার আশা প্রকাশ করছে এডিবি। ওই অর্থ মূলত আসবে এডিবি ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) থেকে। তবে তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এডিবি।
এডিবির জ্বালানি বিনিয়োগ–বিষয়ক বিশেষজ্ঞ হংওয়ে জাং বলেন, এ অর্থ বাংলাদেশের বিদ্যমান জ্বালানি–সংকট মোকাবিলা করতে সহায়ক হবে। তাঁর মতে, গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন করতে পারলে টেকসই উন্নয়নের জন্য জ্বালানি খাতের অবদান আরও বাড়বে।