১৭ বছর পর আবার চালু হলো ঈশ্বরদী বিমানবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী বিমানবন্দর ১৭ বছর পর আবার গতকাল বুধবার থেকে চালু হয়েছে। এখন থেকে প্রতি শনি ও সোমবার ঢাকা-ঈশ্বরদী-ঢাকা পথে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের (বিডি) ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করবে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান গতকাল ঈশ্বরদী বিমানবন্দর ও ইউনাইটেড এয়ারের উড্ডয়ন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফ, ইউনাইটেড এয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাজবিরুল আহমেদ চৌধুরী, পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস এবং রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা-ঈশ্বরদী পথে ইউনাইটেড এয়ারের ৩৭ আসনের ড্যাশ-৮-১০০ এয়ারক্র্যাফট ঢাকা থেকে দুইটা ১০ মিনিটে ছেড়ে ঈশ্বরদীতে অবতরণ করবে দুইটা ৫০ মিনিটে। এরপর এখান থেকে তিনটা ১০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে তিনটা ৫০ মিনিটে। এর একমুখী ভাড়া চার হাজার টাকা ও দ্বিমুখী ভাড়া আট হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, লোকসানের কথা বলে ১৯৯৬ সালের ৩ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ঈশ্বরদী বিমানবন্দরে বিমানের ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়।