১৭ বছর পর নোয়াখালী টেক্সটাইল মিলের জায়গায় জুতার কারখানা হচ্ছে
বন্ধ হওয়ার প্রায় ১৭ বছর পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়ায় অবস্থিত নোয়াখালী টেক্সটাইল মিলের জায়গায় অবশেষে বেঙ্গল শু ফ্যাক্টরি নামে একটি বেসরকারি জুতার কারখানা হচ্ছে। আগামী ডিসেম্বর থেকে এই কারখানায় শতভাগ রপ্তানিমুখী ইতালিয়ান শু বা জুতা উৎপাদন শুরু হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।জুতার কারখানা চালুর লক্ষ্যে বেঙ্গল শু ফ্যাক্টরি কর্তৃপক্ষ এখন প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান সম্প্রতি রায়পুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান, এতে প্রাথমিক পর্যায়ে এক হাজার ৬০০ আর পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় পাঁচ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। তিনি আরও জানান, ইতিমধ্যে প্রয়োজনীয় বৈদ্যুতিক ব্যবস্থাসহ নিজস্ব ট্রান্সফরমার স্থাপন, জেনারেটর ক্রয় এবং যন্ত্রপাতি আমদানি করা হয়েছে।নোয়াখালী টেক্সটাইল মিলের বেসরকারি ক্রেতা বেঙ্গল লেদার কমপ্লেক্স লিমিটেড ১৯৮৩ সাল থেকে ফিনিশড লেদার তথা জুতা রপ্তানি করে আসছে।সরকার ১৯৮৪ সালে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে ২৬ একর জমির ওপর নোয়াখালী টেক্সটাইল মিলস স্থাপন করে। শুরুর দিকে প্রতিষ্ঠানটি লাভজনক থাকলেও অব্যাহতভাবে কাঁচামালের সংকট এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) ‘উদাসীনতা’র কারণে ১৯৯৩ সালে মিলটি বন্ধ করে দেওয়া হয়। এতে মিলটির সহস্রাধিক শ্রমিক বেকার হয়ে পড়েন।এরপর ২০০৪ সালের ২৬ জুন তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে মিলটি ‘মাত্র’ দুই কোটি ৮৬ লাখ টাকায় বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে শর্ত ছিল, এটাকে টেক্সটাইল মিল হিসেবেই যত দ্রুত সম্ভব চালু করতে হবে। কিন্তু নতুন মালিকেরা প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুতের অভাবে দীর্ঘদিনও মিলটি চালু করতে পারেননি বলে জানান। এই অবস্থায় বেসরকারীকরণ কমিশনের পক্ষ থেকে গত ৫ জানুয়ারি এখানে জুতা বা অন্য কোনো শিল্প স্থাপনের অনুমতি দেওয়া হয়।এ প্রসঙ্গে স্থানীয় সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘নোয়াখালী টেক্সটাইল মিলের স্থলে দীর্ঘদিন পর বেঙ্গল শু ফ্যাক্টরি হওয়াটা আমাদের জন্য একটি আনন্দের খবর। কারণ এতে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে।’