১৭ বছরের পুরোনো নীতিমালায় ডিজিটাল বাংলাদেশ!

বর্তমানে দেশে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করেন ৪ কোটি ১৩ লাখ লোক, যা মোট ব্যবহারকারীর প্রায় ৯৭ শতাংশ। কিন্তু বিদ্যমান টেলিযোগাযোগ নীতিমালায় ইন্টারনেট ব্যবহারকে ভ্যালু অ্যাডেড বা বাড়তি সেবা উল্লেখ করা হয়েছে। নীতিমালায় ইন্টারনেট শব্দটিই তেমনভাবে নেই।
সবার জন্য ইন্টারনেট সেবা নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ তৈরির যে পরিকল্পনা সরকার নিয়েছে, তার সঙ্গে এই নীতিমালাটি অনেকটাই সাংঘর্ষিক। বর্তমান নীতিমালাটি তাই খুব দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
১৯৯৮ সালে প্রণীত টেলিযোগাযোগ নীতিমালাটি সরকার এর আগে দুবার সংস্কারের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। নতুন নীতিমালা তৈরির জন্য ২০১২ সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) একজন বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হয়েছিল। জিম হোমস নামের ওই বিশেষজ্ঞ তিন বছর আগে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে জমা দেন। কিন্তু তারপর আর অগ্রগতি হয়নি।
টেলিযোগাযোগভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার সিনিয়র পলিসি ফেলো আবু সাঈদ খান প্রথম আলোকে বলেন, ‘বহু আগেই এই নীতিমালা সংস্কার করার দরকার ছিল। নতুন নীতিমালায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার আগামী ১০ বছরে কত হবে, তার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা দরকার। সঠিক নীতিমালার অভাবে দেশের মানুষ এখনো মানসম্পন্ন ভয়েস ও ডেটা সেবা পাচ্ছে না। যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, তা সফল করতে হলে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা জরুরি।’
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘১৯৯৮ সালে নীতিমালা তৈরির সময় মুঠোফোন ও ইন্টারনেটের ব্যবহার এখনকার মতো ব্যাপক ছিল না। তাই বর্তমান নীতিমালাটি অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। এ খাতে যুক্ত সব পক্ষের মতামত নিয়ে নতুন নীতিমালা তৈরির কাজ চলছে।’
বর্তমান টেলিযোগাযোগ নীতিমালা অনুযায়ী, ২০১০ সালে প্রতি ১০০ জনের মধ্যে ৪ জনের জন্য ফোনের ব্যবস্থা করার মধ্যমেয়াদি লক্ষ্য এবং ২০২৫ সালে প্রতি ১০০ জনের মধ্যে ১০ জনের জন্য ফোনের ব্যবস্থা করার লক্ষ্য নির্ধারণ করা হয়। ওই লক্ষ্যমাত্রাকে পেছনে ফেলে ২০১০ সালেই দেশের টেলিঘনত্ব ৪০ শতাংশ অতিক্রম করে, বর্তমানে যা ৬৬ শতাংশের বেশি। এ ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার ক্ষেত্রে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ল্যান্ডফোনকেই দেশের প্রধান টেলিযোগাযোগের মাধ্যম হিসেবে ধরা হয়েছিল, তৎকালীন সময়ে যা বিটিটিবি নামে পরিচিত ছিল।
দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘১৯৯৮ সালের নীতিমালায় মুঠোফোন ব্যবহারকে ভয়েস কল আর খুদে বার্তা আদান-প্রদানের মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এখন মুঠোফোন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে অর্থ লেনদেন, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, তথ্য, জীবনবিমা, সামাজিক যোগাযোগ সেবাসহ নানা ধরনের মূল্য সংযোজিত সেবা যোগ হয়েছে।’
১৯৯৮ সালের জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা তৈরির প্রেক্ষাপট তুলে ধরে মাহমুদ হোসেন বলেন, ‘১৭ বছর আগে এই খাতের অগ্রগতির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা অনেক আগেই অর্জিত হয়েছে। ওই নীতিমালা যখন প্রণয়ন করা হয়, তখন দেশের টেলিঘনত্ব ছিল প্রতি ১০০ জনে মাত্র শূন্য দশমিক ৪ জন। আর এখন শুধু মুঠোফোন গ্রাহকের সংখ্যা দেশে ১২ কোটি ছাড়িয়ে গেছে, সঙ্গে যোগ হয়েছে ৪ কোটির বেশি ইন্টারনেট গ্রাহক। পুরোনো নীতিমালায় ইন্টারনেট শব্দটিই তেমনভাবে উল্লেখ নেই। নতুন নীতিমালা তৈরি করে আমাদের সামনের দিকে তাকাতে হবে।’
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টেলিযোগাযোগ খাতে বিভিন্ন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সমন্বিত লাইসেন্স দেওয়ার মূলনীতি থেকে সরে এসে বিভিন্ন শ্রেণিতে লাইসেন্স দেওয়ার ফলে এই খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। পিএসটিএন, আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজি, ওয়াইম্যাক্স, এনটিটিএন খাতে প্রয়োজনের অতিরিক্ত লাইসেন্স নিয়ে এখন একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। এর ফলে লাইসেন্সধারীরাও তাদের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে। সংশোধিত নীতিমালায় এসব বিষয় যেন বিবেচনায় আনা হয়।
সরকার সারা দেশে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তুলে এর মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। কিন্তু ওই অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক বিস্তারে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে মনে করেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই বিষয়টিকে নতুন নীতিমালায় তুলে আনা দরকার বলে মনে করছেন তাঁরা।
সামাজিক সুরক্ষা তহবিলের (এসওএফ) টাকা ব্যবহারেও একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নীতিমালায় রাখার কথা বলছে মুঠোফোন অপারেটররা। বর্তমানে এই তহবিলে প্রায় ৬০০ কোটি টাকা সরকারি কোষাগারে অলস পড়ে আছে। বিশাল অঙ্কের এই টাকার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি তুলে আনার দাবি অপারেটরদের।
অতিরিক্ত করের বোঝা এই খাতকে পিছিয়ে দিচ্ছে বলে মনে করেন এই খাতে জড়িত ব্যক্তিরা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিউ) সিম প্রতিস্থাপনে কর ফাঁকি দেওয়ার অভিযোগে ২০১২ সাল থেকে ৩ হাজার ১২ কোটি টাকা মুঠোফোন অপারেটরদের কাছে দাবি করে আসছে। দীর্ঘদিনেও এ সমস্যাটি সমাধান করা সম্ভব হয়নি। মুঠোফোন অপারেটরসহ এই খাতের অন্য প্রতিষ্ঠানগুলো মনে করে, কর আদায়ে একটি সুনির্দিষ্ট পথনকশা নতুন নীতিমালায় আনা হলে তা কর-বিষয়ক জটিলতা কমাতে সহায়ক হবে।
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) হিসেবে বাংলাদেশে এখন অন্যতম একটি বড় খাত টেলিযোগাযোগ। নতুন টেলিযোগাযোগ নীতিমালায় বিদেশি বিনিয়োগ সুরক্ষার ব্যাপারটি যাতে নিশ্চিত করা হয়—এমন স্পষ্ট কিছু দিকনির্দেশনা চান বিদেশি বিনিয়োগকারীরা। একই সঙ্গে এই নীতিমালায় নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে আইসিটি, আইএলডিটিএস ও ব্রডব্যান্ড ইন্টারনেট-বিষয়ক নীতিমালার সমন্বয়ও চান তাঁরা।
বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস এই নীতিমালা-সম্পর্কিত এক পর্যালোচনা অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে বলেন, ‘আমাদের টেলিযোগাযোগ খাত হচ্ছে বৈদেশিক বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় ক্ষেত্র। এ ক্ষেত্রে বিনিয়োগ করার আগে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের টেলিযোগাযোগ নীতিমালাটি আগে পরীক্ষা করে দেখবে। এ কারণে দ্রুত অনেক আগের এই নীতিমালা সময়োপযোগীভাবে সংশোধন দরকার।’
তরঙ্গ নিলাম নিয়ে সাম্প্রতিক সময়ে মুঠোফোন অপারেটরদের সঙ্গে সরকারের দর-কষাকষি চলছে। এতে তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হওয়া নিয়ে অনেকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তরঙ্গ নিলাম না হলে একদিকে সরকার যেমন রাজস্ব হারাবে, অন্যদিকে গ্রাহকেরা উন্নততর সেবা থেকে বঞ্চিত হবেন। তরঙ্গ বিক্রির সঠিক নীতিমালা ও পথনকশা বিদ্যমান টেলিযোগাযোগ নীতিমালায় না থাকায় এ সমস্যাগুলো তৈরি হচ্ছে বলে মনে করে অপারেটররা। একইভাবে তরঙ্গ ব্যবহারে স্বাধীনতা, ইন্টারনেট ব্যবহারে পথনকশা না থাকা, কর-ব্যবস্থা নিয়ে সরকারের সঙ্গে ঝামেলাসহ আরও কয়েকটি বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা থাকা প্রয়োজন বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইন্টারনেটের ব্যবহার মুঠোফোনকেন্দ্রিক হয়ে পড়ায় স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সুনির্দিষ্ট পরিকল্পনা টেলিযোগাযোগ নীতিমালায় থাকা প্রয়োজন। থ্রিজি, ফোরজিসহ ভবিষ্যতের বিভিন্ন প্রযুক্তির নেটওয়ার্ক ব্যবহারে একটি সুনির্দিষ্ট পথনকশা নতুন নীতিমালায় থাকলে টেলিযোগাযোগ খাত অনেকটাই এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।