চট্টগ্রামের বেসরকারি ১৭টি কনটেইনার ডিপোতে সেবামাশুল সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) গত ১২ নভেম্বর এ মাশুল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পর্যায়ক্রমে তা ডিপো ব্যবহারকারীদের চিঠির মাধ্যমে জানানো হয়। এ মাশুল বাড়ানোর ফলে আমদানি, রপ্তানি ও খালি কনটেইনার পরিবহন, পণ্য ওঠানো-নামানোসহ কনটেইনার ব্যবহার-সংক্রান্ত বিভিন্ন ধরনের খরচ বাড়বে।
বিকডা জানিয়েছে, আমদানি বাণিজ্য ও খালি কনটেইনার ব্যবহারের ক্ষেত্রে আগামী ১ জানুয়ারি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ১ মার্চ থেকে এ বর্ধিত মাশুল আদায় করা হবে। এ ঘোষণার পর ডিপো ব্যবহারকারীরা বলছেন, এতে ব্যবসার খরচ বাড়বে। শেষ হিসাবে বাড়তি এ খরচ ভোক্তার ওপরই বর্তাবে।
বর্ধিত মাশুলের কারণে আমদানি-রপ্তানি খাতে ডিপো ব্যবহারকারীদের খরচ বছরে কত বাড়বে, তার সঠিক কোনো হিসাব পাওয়া যায়নি। তবে ডিপোতে বিগত বছরের কনটেইনার ব্যবহারের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ খরচের বিষয়ে একটি আনুমানিক ধারণা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ডিপো ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ১৭টি ডিপোতে আমদানি পণ্যবোঝাই ১ লাখ ৩০ হাজার কনটেইনার খালাস হয়েছে। প্রধানত ২০ ফুট ও ৪০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার এসব ডিপোতে পণ্য ব্যবহৃত হয়। এসব কনটেইনারের সেবামাশুল কনটেইনার-প্রতি এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে। সেই হিসাবে ১ জানুয়ারি থেকে আমদানি ও খালি কনটেইনার ব্যবহারে বাড়তি খরচ হবে ১৩ কোটি টাকা। রপ্তানির ক্ষেত্রে এ মাশুল বাড়ানো হয়েছে ২০ ফুট কনটেইনারে দেড় হাজার ও ৪০ ফুট কনটেইনারে ২ হাজার ৭৫০ টাকা। ২০১৪ সালে ১৭টি ডিপো ব্যবহার করে তিন লাখ কনটেইনার বোঝাই পণ্য রপ্তানি হয়েছে। সেই হিসাবে বর্ধিত মাশুল কার্যকর হলে তাতে খরচ বাড়বে ন্যূনতম ৬৫ কোটি টাকা। তবে কনটেইনারের সংখ্যা বাড়লে-কমলে এ খরচও বাড়বে-কমবে।
জানতে চাইলে কনটেইনার ডিপো মালিক সমিতির সভাপতি নুরুল কাইয়ুম খান গত মঙ্গলবার বলেন, জ্বালানি ও মজুরি খরচ বেড়ে যাওয়ায় মাশুল বাড়ানো হয়েছে। কারণ, বিদ্যমান মাশুলে বেসরকারি ডিপোগুলো পরিচালনা কঠিন হয়ে পড়ছে। তিনি জানান, আমদানি খাতে আমদানিকারকেরা বাড়তি মাশুল পরিশোধ করলেও খালি কনটেইনার এবং রপ্তানির পণ্যবোঝাই কনটেইনারের ক্ষেত্রে এ মাশুল পরিশোধ করবে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো।
তবে ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম বলেন, ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা ছাড়াই হঠাৎ করে নোটিশ দিয়ে এভাবে সেবামাশুল বাড়ানো যুক্তিযুক্ত হয়নি। বেসরকারি ডিপো পরিচালনা-সংক্রান্ত খসড়া নীতিমালা অনুযায়ী, মাশুল বাড়ানোর আগে একটি কমিটির মাধ্যমে তা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ের অনুমোদনের নেওয়ার কথা। প্রসঙ্গত, ফ্রেইট ফরোয়ার্ডাররা রপ্তানি পণ্য বিদেশি ক্রেতার কাছে পৌঁছানোর কাজ করে থাকে।
এ বিষয়ে কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সেবামাশুল বাড়ানোর আগে ডিপো মালিকেরা গ্রাহকদের সঙ্গে আলাপ-আলোচনা করবে বিশ্বজুড়ে এটাই নিয়ম। কিন্তু এখানে সেটি করা হয়নি। তাই সংগঠনের পক্ষ থেকে ডিপো মালিক সমিতিকে চিঠি দেওয়া হয়েছে।’
আমদানি ও রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার ছাড়া ডিপোতে ২০ ফুট দীর্ঘ খালি কনটেইনার রাখার ভাড়া ৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছে। এ ক্ষেত্রে মাশুল বাড়ানো হয়েছে দ্বিগুণ। এ ছাড়া খালি কনটেইনার ওঠানো বা নামানোর ভাড়াও ১০০ শতাংশ বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। আর বন্দর ও ডিপোতে খালি কনটেইনার প্রতিবার আনা-নেওয়ার মাশুল ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে। এর বাইরে ডকুমেন্টেশনের মাশুলও বাড়ানো হয়েছে।
নিয়ম অনুযায়ী, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া ৩৭ ধরনের কনটেইনারভর্তি পণ্য বেসরকারি ডিপোতে এনে খালাস এবং রপ্তানি পণ্যের ৯০ শতাংশ কনটেইনারে বোঝাই করা বাধ্যতামূলক।