১৭৫০ কোটি টাকা মুনাফা করেছে গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে নয় হাজার ১৯০ কোটি টাকার রাজস্ব আয় করেছে বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। আর এই আয়ের বিপরীতে প্রতিষ্ঠানটি নিট মুনাফা হয়েছে এক হাজার ৭৫০ কোটি টাকা, যা আগের বছরের এক হাজার ৮৯০ কোটি টাকার চেয়ে ৭ শতাংশ কম। ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কোম্পানিটির ২০১২ সালের আর্থিক ফলাফল প্রকাশ করা হয়। এতে বিস্তারিত জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন: কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ফ্রিডজফ রাজটেন, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) সৈয়দ তাহমিদ আজিজুল হক এবং হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং মাইনুর রহমান।বিবেক সুদ বলেন, উচ্চ গ্রাহক সংগ্রহ ব্যয়, অ্যামরটাইজেশনের স্বীকৃতি, দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়ন ফি ও ঋণের সুদ পরিশোধের কারণে গত বছরের চেয়ে নিট মুনাফা কম হয়েছে। তবে ২০১১ সালের তুলনায় গত বছর গ্রামীণফোনের রাজস্ব আয় ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। মুঠোফোনের ব্যবহার বৃদ্ধি, নন-ভয়েস সেবা যেমন এসএমএস, ইন্টারনেট ও মূল্য সংযোজিত সেবা থেকে আয় বাড়ায় রাজস্ব বেড়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত বছর গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৩৫ লাখ বেড়ে চার কোটিতে উন্নীত হয়েছে। এ ছাড়া গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা শতকরা ৬০ ভাগ বেড়ে ৬৩ লাখ হয়েছে। আগের বছর এই সংখ্যা ছিল ৩৯ লাখ। এ ছাড়া প্রতিষ্ঠানটি নেটওয়ার্কের আধুনিকায়নের জন্য এক হাজার ২৬০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।