১৮ উদ্যোক্তা রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাবেন এবার
এ বছর ১৮ জন উদ্যোক্তা রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাবেন। বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও হাইটেক (উচ্চপ্রযুক্তি)—এ ছয় বিভাগে উদ্যোক্তাদের পুরস্কৃত করা হবে।
জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতা উৎসাহিত করার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় এ পুরস্কার দেবে। মন্ত্রণালয় থেকে গতকাল রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এই পুরস্কার দেওয়ার লক্ষ্যে গঠিত মনোনয়ন চূড়ান্ত কমিটির সভা গতকাল শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু পুরস্কারের জন্য জমা পড়া আবেদনপত্র আরও যাচাই-বাছাইয়ের নির্দেশনা দেন। তিনি বলেন, আবেদনপত্রে উল্লিখিত তথ্য সঠিক আছে কি না, তা শিল্পকারখানায় সরেজমিনে যাচাই করে যোগ্য আবেদনকারীদের মনোনয়ন চূড়ান্ত করা হবে। তিনি এ বিষয়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও সতর্কতা অবলম্বনের জন্য আবেদন মূল্যায়ন কমিটির সদস্যদের সবাইকে পরামর্শ দেন।
সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অতিরিক্ত শিল্পসচিব ফরহাদ উদ্দিনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় এই পুরস্কারের জন্য উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে পরিবেশবান্ধব শিল্পকারখানার বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
প্রসঙ্গত, ইতিমধ্যে জাতীয় দৈনিকে বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে আগ্রহী উদ্যোক্তারা আবেদন করেছেন। এসব আবেদনপত্র এখন সরকারি বিভিন্ন কর্তৃপক্ষ যাচাই করছে।