১৮ দফা দাবি নিয়ে এনবিআরে গেলেন বিজিএমইএর নেতারা
নগদ সহায়তার ওপর আয়কর কর্তন বন্ধ, রপ্তানির বিপরীতে উৎসে কর দশমিক ৫ শতাংশ এবং বর্তমান করপোরেট করহার আগামী পাঁচ বছর অপরিবর্তিত রাখাসহ ১৮ দফা দাবি নিয়ে তৈরি পোশাকশিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে বৈঠক করেছেন।
সাধারণত গুরুত্বপূর্ণ দাবি আদায়ের প্রয়োজন হলে বিজিএমইএর বর্তমান নেতৃত্বের সঙ্গে সাবেক নেতারাও মাঠে নামেন। সঙ্গে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নেতারাও যোগ দেন। বুধবার ১৮ দফা দাবি নিয়ে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বিজিএমইএর সভাপতি ফারুক হাসানসহ সংগঠনের সাবেক দুই সভাপতি আবদুস সালাম মুর্শেদী ও মো. শফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন। বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেমও বৈঠকটিতে অংশ নেন। বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, মহামারির এ সময়ে তৈরি পোশাকশিল্প ক্রান্তিকাল অতিক্রম করছে। এ পরিস্থিতিতে এনবিআরের তরফ থেকে পোশাক খাতকে অগ্রাধিকার ভিত্তিতে কাস্টমস, ভ্যাট ও আয়করসংক্রান্ত নীতি–সহায়তা দেওয়া হলে এ পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে।
বিজিএমইএর নেতারা পোশাকশিল্পের কাস্টমস, ভ্যাট ও আয়করসংক্রান্ত বিষয়ে কাজ করতে বিজিএমইএ ও এনবিআরের প্রতিনিধি সমন্বয়ে যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের প্রস্তাব দেন। এ ছাড়া ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ করেন তাঁরা।
বিজিএমইএ দাবি করেছে, এনবিআর চেয়ারম্যান তাদের দাবি গুরুত্বসহকারে পর্যালোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সমাধানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের বিষয়ে ইতিবাচক মত দিলেও ভ্যাট রিটার্ন দাখিল বাদ দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।
বর্তমানে তৈরি পোশাক রপ্তানির বিপরীতে দশমিক ৫ শতাংশ উৎসে কর দিতে হয়। এ ছাড়া পোশাক কারখানার করপোরেট করহার ১২ শতাংশ- পরিবেশবান্ধব কারখানার ক্ষেত্রে ১০ শতাংশ। এনবিআর চেয়ারম্যানের কাছে বিজিএমইএ নেতাদের অনুরোধ, উৎসে করহার ও করপোরেট করহার আগামী পাঁচ বছর যেন অপরিবর্তিত রাখা হয়। একই সঙ্গে তাঁরা নগদ সহায়তার ওপর আয়কর কর্তনের হার ১০ শতাংশ থেকে হ্রাস করে শূন্য করার দাবি করেন।
বিজিএমইএর উল্লেখযোগ্য অন্যান্য দাবি হচ্ছে প্রজ্ঞাপনে তালিকাভুক্ত সব ধরনের অগ্নিনির্বাপণ পণ্য নষ্ট হলে অগ্নি প্রতিরোধক দরজার মতো একই শর্তে তা প্রতিস্থাপনের জন্য রেয়াতি শুল্ক হারে আমদানির সুযোগ দেওয়া। সুতা থেকে নিট পোশাক অপচয় হার বাড়লে জরিমানা আরোপ না করে সহায়তা করা, রপ্তানি হওয়া পণ্য ফেরত এলে আবার রপ্তানির জন্য ছয় মাসের পরিবর্তে এক বছর সময় দেওয়া। কারখানা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরে জটিলতা নিরসন করা, প্রাইভেট আইসিডি থেকে রপ্তানিতে ভ্যাট আদায় বন্ধ করা, বন্ড লাইসেন্সধারী কারখানায় উৎপাদিত পণ্য বন্ড লাইসেন্সবিহীন সহযোগী রপ্তানিকারক প্রতিষ্ঠানে সরবরাহ করার ব্যবস্থা করা, বন্ড লাইসেন্সে এইচএস কোড ও কাঁচামালের বিবরণ অন্তর্ভুক্তির জটিলতা নিরসন করা।