১৮ দিনে ইউনাইটেড এয়ারের শেয়ারের দর ৮৭ শতাংশ বেড়েছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে আধিপত্য বিস্তার করছে বেসরকারি খাতের বিমান কোম্পানি ইউনাইটেড এয়ার। গতকাল সোমবার ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৩ শতাংশই ছিল এই কোম্পানির দখলে। দিন শেষে কোম্পানিটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০১ কোটি টাকা। আর এ দিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ৭৮৪ কোটি টাকা। ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি গত ২৪ সেপ্টেম্বর শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ বোনাস বা স্টক লভ্যাংশ ঘোষণা করে। যেদিন কোম্পানিটির লভ্যাংশ ঘোষণার খবর আসে, সেদিন শেয়ারের দামের ওপর কোনো সীমা আরোপ ছিল না। তার পরও ওই দিন কোম্পানিটির শেয়ারের দাম বাড়ে এক টাকা। আর গতকাল একদিনেই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় দুই টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে প্রায় ৮৭ শতাংশ। গত ৬ সেপ্টেম্বর ইউনাইটেড এয়ারের প্রতিটি শেয়ারের দাম ছিল সাড়ে ১৭ টাকা। গতকাল সেটি বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ৭০ পয়সায়। কোম্পানিটির গত এক মাসের লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৪ সেপ্টেম্বর ইউনাইটেড এয়ারের লেনদেনের পরিমাণ ছিল ডিএসইর মোট লেনদেনের প্রায় ২ শতাংশ। পাঁচ কার্যদিবসের ব্যবধানে ১২ সেপ্টেম্বর সেটি বেড়ে দাঁড়ায় ডিএসইর মোট লেনদেনের প্রায় পৌণে ৫ শতাংশে। সর্বশেষ গতকাল সেটি আরও বেড়ে ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ৮৪ শতাংশে দাঁড়িয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, এক মাস ধরে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ৫ সেপ্টেম্বর ডিএসইতে কোম্পানিটির প্রায় ৭২ লাখ শেয়ার লেনদেন হয়। ১৩ সেপ্টেম্বর সেটি বেড়ে দাঁড়ায় প্রায় এক কোটি ২৯ লাখে। আর গতকাল তিন কোটি ২০ লাখের বেশি শেয়ার লেনদেন হয়েছে। এর আগে ২৫ সেপ্টেম্বর লভ্যাংশ ঘোষণার পরদিন কোম্পানিটির তিন কোটি ১২ লাখের বেশি শেয়ার লেনদেন হয়। কোম্পানিটির মোট শেয়ারের পরিমাণ প্রায় ৪৪ কোটি। ডিএসইর হিসাবে এর মধ্যে ৮৭ দশমিক ৫৫ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে আর কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ১২ দশমিক ৪৫ শতাংশ। যদিও এসইসির বিধান অনুযায়ী, কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে সম্মিলিতভাবে সব সময় ৩০ শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক। একক একটি কোম্পানির লেনদেনের এমন অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন পুঁজিবাজারের সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, কারসাজির ঘটনা ছাড়া ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৩ শতাংশ একক একটি কোম্পানির দখলে থাকা সম্ভব নয়। আবার এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার বিষয়টিও যৌক্তিক বা বাস্তবসম্মত নয়। কোম্পানিটি সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে এক টাকা ৮৪ পয়সা। সেই হিসাবে গতকাল দিন শেষে কোম্পানির শেয়ারের মূল্য আয় অনুপাত দাঁড়ায় প্রায় ১৮-তে। এদিকে টানা তিন দিনের পতনের পর সোমবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। ডিএসইর সাধারণ সূচক এ দিন প্রায় ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৫৮৯ পয়েন্টে।