১৮ দিনের মাথায় ফের চালু সিটিসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিসেল
সিটিসেল

বন্ধ হয়ে যাওয়ার ১৮ দিনের মাথায় আবার চালু হলো দেশের প্রথম মুঠোফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম বা সিটিসেলের কার্যক্রম। আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল রোববার সিটিসেলের বেতারতরঙ্গ চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে পুরোনো গ্রাহকেরা চাইলে আবার সিটিসেল সংযোগ ব্যবহার করতে পারবেন।
সিটিসেলের বন্ধ করে দেওয়া তরঙ্গ চালু করতে গতকাল সন্ধ্যায় বিটিআরসির চার সদস্যের একটি প্রতিনিধিদল মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে যায়। গত ২০ অক্টোবর তরঙ্গ স্থগিত করে সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি।
জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, আজকের (গতকাল) মধ্যে সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়া হবে। এ জন্য বিটিআরসির একটি প্রতিনিধিদলকে পাঠানো হবে।

তরঙ্গ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ২৪ অক্টোবর আপিল বিভাগে আবেদন করে সিটিসেল। এরপর শুনানি শেষে গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ সিটিসেলের তরঙ্গ অবিলম্বে পুনর্বহালের নির্দেশ দেন। ওই নির্দেশনায় আরও বলা হয়, আগামী ১৯ নভেম্বরের মধ্যে ১০০ কোটি টাকা পরিশোধ করতে না পারলে সিটিসেলের কার্যক্রম আবারও বন্ধ করে দিতে পারবে বিটিআরসি।

আদালতের ওই আদেশের পর সিটিসেলের তরঙ্গ চালু করার কাজ তাৎক্ষণিকভাবে শুরু করার কথা জানান বিটিআরসির আইনজীবী রেজা-ই রাব্বী খন্দকার। কিন্তু এরপর দুই দিন পেরিয়ে গেলেও তরঙ্গ ফিরে না পেয়ে গতকাল ফের আদালতে যায় সিটিসেল। আদালতের নির্দেশনার পরও সিটিসেলের তরঙ্গ কেন খুলে দেওয়া হয়নি, তা বিটিআরসির কাছে জানতে চান আদালত। পরে বিটিআরসির পক্ষ থেকে আদালতকে জানানো হয়, সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং এ বিষয়ে বিকেলে একটি বৈঠক ডাকা হয়েছে।

সিটিসেলের বিষয়ে বিশ্ব ডাক দিবসের এক অনুষ্ঠান শেষে গতকাল দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, তরঙ্গ খুলে দিতে হলে কারিগরি কিছু প্রক্রিয়া রয়েছে। বিটিআরসি সে প্রক্রিয়া শুরু করেছে, যা একটু সময়সাপেক্ষ। আদালতের আদেশের সত‌্যায়িত অনুলিপি না পেলেও এসব কাজ চলছে।

সিটিসেলে বর্তমানে ৫৫ ভাগ শেয়ারের মালিক দেশীয় শিল্পগোষ্ঠী প্যাসিফিক মোটরস ও ফার ইস্ট টেলিকম। বাকি ৪৫ শতাংশ শেয়ার রয়েছে সিঙ্গাপুরভিত্তিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান সিংটেলের কাছে। প্যাসিফিক মোটরস ও ফার ইস্ট টেলিকমের মালিক বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান।