১৮ বছর ধরে বিকল তামাবিল স্থলবন্দরের ওজন মাপার যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের একমাত্র ওজন মাপার যন্ত্রটি ১৮ বছর ধরে বিকল হয়ে আছে। যে কারণে ওজন করা ছাড়াই এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি চলছে। স্থলবন্দর সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে ওজন মাপার যন্ত্রটি নষ্ট হয়ে যাওয়ার পর আর মেরামত করা হয়নি। এ জন্য আমদানি-রপ্তানিতে মালামাল বেশি না কম আনা-নেওয়া হচ্ছে কিংবা সরকার রাজস্ব হারাচ্ছে কি না, তা জানা সম্ভব হচ্ছে না।বন্দরের শুল্ক পরিদর্শক শফিউল্লাহ বলেন, ‘যন্ত্রটি ঠিক করার জন্য আমরা আবেদন জানিয়েছি। কর্তৃপক্ষ ঠিক না করলে আমাদের কী করার আছে? তবে যন্ত্র নষ্ট থাকায় অসুবিধা হচ্ছে না। কারণ, যে পরিমাণ মাল আসে, তা নিয়ে আমাদের একটা মেজারমেন্ট আছে। তা ছাড়া এতে সময়ও বাঁচে। মাপামাপির ঝামেলাও নেই।’স্থলবন্দরের শ্রমিক আনোয়ার মিয়া বলেন, ওজন মাপার যন্ত্রটি দেড় যুগ ধরে নষ্ট হলেও তা নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। পাথর ও কয়লা আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক চন্দন সাহা বলেন, ‘আমরা ব্যবসায়ীরা চাই যন্ত্রটি মেরামত হোক, স্বচ্ছতা আসুক। কিন্তু বন্দর কর্তৃপক্ষ যন্ত্রটি ঠিক করছে না।’ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. মহসিন ভূঁইয়া প্রথম আলোর সঙ্গে আলাপকালে বলেন, ‘আমি নতুন এসেছি। এসেই দেখছি ওজন পরিমাপক যন্ত্রটি নষ্ট। এটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’