১৮১৭ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলার সোনাগাজীতে ১০০ মেগাওয়াট করে দুটি বিদ্যুৎকেন্দ্র হবে। এর মধ্যে একটি সৌরবিদ্যুৎকেন্দ্র; অপরটি বায়ুচালিত। এ দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ১০৩ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।

>নোয়াখালীতে সৌর ও বায়ুচালিত দুটি বিদ্যুৎকেন্দ্র হবে

পরিকল্পনা কমিশন বলছে, প্রকল্প দুটির জন্য এক হাজার একর জমি অধিগ্রহণ করা হবে। প্রকল্প বাস্তবায়ন করবে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি)। গত জুলাই থেকে শুরু হয়ে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে জমি অধিগ্রহণ কার্যক্রম শেষ হবে।
এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘বিদ্যুৎ প্রকল্পে ঋণ না নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেহেতু বিদ্যুৎ প্রকল্প লাভজনক, তাই এ প্রকল্পে ঋণ না নেওয়ার চেষ্টা করছি।’
গতকালের একনেকের সভায় ১ হাজার ৮১৭ কোটি টাকার ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় মুদ্রায় দেওয়া হবে ১ হাজার ৮০২ কোটি ৬৮ লাখ টাকা। বাকিটা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা দেবে।
একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৬২৫ কোটি টাকার ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন; ৭৪ কোটি টাকার প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের শস্য সংগ্রহ-পরবর্তী সহযোগিতার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ; ২৮০ কোটি টাকার চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকার পোল্ডার নং-৬২ (পতেঙ্গা), পোল্ডার নং-৬৩/১এ (আনোয়ারা), পোল্ডার নং-৬৩/১বি (আনোয়ারা ও পটিয়া) পুনর্বাসন প্রকল্প; ১৭৬ কোটি ৬০ লাখ টাকার ভোমরা স্থলবন্দর সংযোগসহ সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মাণ এবং ৫৫৮ কোটি টাকার ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প।