কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে ১৮৯ জন পরিদর্শক নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিষয়টি চূড়ান্ত করে গতকাল বৃহস্পতিবার পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সুপারিশকৃত ১৮৯ জন পরিদর্শকের মধ্যে সাধারণ পরিদর্শক ১২৭ জন, স্বাস্থ্য পরিদর্শক ৩৯ জন ও নিরাপত্তা পরিদর্শক ২৩ জন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের পর কারখানা পরিদর্শকের দৈন্যদশার চিত্র নতুন করে আলোচনায় উঠে আসে। সরকার নীতিগতভাবে অধিক পরিদর্শক নিয়োগের সিদ্ধান্ত নিলেও আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘসূত্রতা ইত্যাদি কারণে বিষয়টি আটকে থাকে এত দিন।
রানা প্লাজা ধসের পর আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরকে অধিদপ্তরে রূপান্তর এবং এতে কয়েক শ পরিদর্শক নিয়োগের জন্য চাপ দেয়। এরপরই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর অধিদপ্তরে রূপান্তরিত হয়।
এ ব্যাপারে অবশ্য ইইউ এবং ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) সঙ্গে কয়েক বছর আগেই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল বাংলাদেশ সরকার। সে অনুযায়ী ২০১৩ সালের মধ্যেই পরিদর্শকের সংখ্যা বাড়িয়ে ২০০ জন করার কথা ছিল।
গত বছরের জুনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা (জিএসপি) বাতিলের পর যে ১৬ দফা কর্মপরিকল্পনা দেয়, তার অন্যতম শর্ত ছিল কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে প্রয়োজনীয় সংখ্যক পরিদর্শক নিয়োগ।
কিছুদিন আগেও বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের প্রথম শ্রেণির গেজেটেড অর্থাৎ ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব না হলে পদ থাকা সাপেক্ষে তাঁদের প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে আসছিল পিএসসি। অর্থাৎ এর আগে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার কোনো সুযোগই ছিল না। তবে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ চলতি বছরের জুনে সংশোধন করা হয়। এতে বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা পদে নিয়োগের সুযোগ তৈরি করে পিএসসি।
৩৩তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়ে আবেদন চাওয়া হয় এবং পিএসসিতে তিন হাজার ১০১ জন প্রার্থী আবেদন করেন। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁদের মধ্য থেকে মেধা ও প্রচলিত কোটা পদ্ধতি অনুসরণ করে ১৮৯ জন দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পরিদর্শক নিয়োগের সুপারিশ করা হয়।
এ প্রসঙ্গে পিএসসির জনসংযোগ কমকর্তা ডায়না ইসলাম বলেন, ৩৩তম বিসিএসের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদে নিয়োগপ্রক্রিয়া আগেই শেষ হয়েছে। এখন দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হলো।
পিএসএসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে কোনো প্রার্থীর যোগ্যতার ঘাটতি, দুর্নীতি, সনদ জালিয়াতি, অসত্য তথ্য প্রদান বা গুরুতর ভুলত্রুটি ধরা পড়লে তাঁর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। উল্লেখ্য, এর আগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে প্রথম শ্রেণির নন-ক্যাডার ৩৮৪ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।