১৯ পৌরসভায় ৪২৫ কোটি টাকার অবকাঠামো বিনির্মাণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই হাজার ৭৯৫ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে এক হাজার ৭৮৪ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৯৮২ কোটি। এ ছাড়া জাপান ঋণ মওকুফ তহবিলের (জেডিসিএফ) ২৯ কোটি টাকাও রয়েছে। গতকাল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। গতকাল একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো গুরুত্বপূর্ণ ১৯টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প। তিন বছর মেয়াদের এই প্রকল্পে ব্যয় হবে ৪৫২ কোটি টাকা। আগামী জানুয়ারি মাস থেকে এসব পৌরসভার অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। পৌরসভাগুলো হলো: গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া; মাদারীপুরের কালকিনি ও শিবচর; কিশোরগঞ্জের হোসেনপুর ও ভৈরব; ফরিদপুরের বোয়ালমারী; ময়মনসিংহ শহর; জামালপুরের মাদারগঞ্জ; পাবনার বেড়া, সাঁথিয়া ও সুজানগর; সিরাজগঞ্জের উল্লাপাড়া; নীলফামারী শহর; মৌলভীবাজারের কমলগঞ্জ; সিলেটের বিয়ানীবাজার; নোয়াখালীর সোনাইমুড়ি; যশোরের নোয়াপাড়া ও ভোলার চরফ্যাশন। এর মধ্যে ১৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন বিভাগের পৌর এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রকল্পটি অনুমোদনের ফলে তা আসন্ন পৌর নির্বাচনে প্রভাব বিস্তার হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের জানান, ‘প্রকল্পটি অনুমোদনের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্কে নেই। এর আগেও ৩০টি পৌরসভার অবকাঠমো উন্নয়ন করা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া।’ পরিকল্পনামন্ত্রী আরও জানান, যখন এই প্রকল্প প্রস্তাবনার প্রাথমিক কাজ শুরু হয়, তখন পৌরসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়নি। একটি প্রকল্প প্রস্তাবনার প্রাথমিক কাজ শুরুর প্রায় তিন মাস পর তা একনেকে অনুমোদনের জন্য পাঠানো হয়। আলোচ্য প্রকল্পটির আওতায় ৩৯৮ কিলোমিটার সড়ক নির্মাণ, ৮২ কিলোমিটার ফুটপাত নির্মাণ, দুই হাজার ২৪৩ মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ, ১০২ কিলোমিটার ড্রেন নির্মাণ, ১৭টি বাস টার্মিনাল নির্মাণ, ১০টি পার্ক নির্মাণ, আটটি অডিটোরিয়াম-কাম কমিউনিটি সেন্টার নির্মাণ, ২৩৫ কিলোমিটার সড়ক-বাতি স্থাপন, ১৩টি বোট ল্যান্ডিং স্টেশন নির্মাণসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করা হবে।একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: স্থানীয় সরকার বিভাগের অধীনে ৪২৪ কোটি টাকার ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের ৩৫৭ কোটি টাকার উদ্ধারকারী জলযান সংগ্রহ (প্রথম সংশোধিত) প্রকল্প; সড়ক ও রেলপথ বিভাগের ৯৭ কোটি টাকার বাংলাদেশ রেলওয়ের জন্য ১৭০টি এমজি বিএফসিটি ও ১১টি এমজি ব্রেক ভ্যান সংগ্রহ প্রকল্প; ৯৮৩ কোটি টাকায় বাংলাদেশ রেলওয়ের জন্য ২৬৪টি এমজি কোচ ও দুটি বিজি ইন্সপেকশন কার সংগ্রহ প্রকল্প; ২০৩ কোটি টাকার বাংলাদেশ রেলওয়ের ষোলশহর-দোহাজারী ও ফতেয়াবাদ-নাজিরহাট সেকশন পুনর্বাসন প্রকল্প; ৫০ কোটি টাকার চরফ্যাশন-চরমানিকা-বাবুরহাট লঞ্চঘাট সড়ক নির্মাণ প্রকল্প; ৭৩ কোটি টাকার শহীদ বুদ্ধিজীবী সেতুর (তৃতীয় বুড়িগঙ্গা সেতু) অবশিষ্ট অ্যাপ্রোচ সড়ক নির্মাণসহ তিনটি পুরাতন সেতু পুনর্নির্মাণ প্রকল্প; তথ্য মন্ত্রণালয়ের ৩৮ কোটি টাকার বিটিভি সদর দপ্তর ভবন নির্মাণ প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ৩২ কোটি টাকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩৩ কোটি টাকার প্রকিউরমেন্ট অব মডার্ন ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ ফর বর্ডার গার্ড বাংলাদেশ প্রকল্প এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ৫৩ কোটি টাকার নারী নির্যাতন প্রতিরোধে পাঁচটি বিভাগীয় শহরে ভৌত সুবিধা সৃষ্টিকরণ (সংশোধিত) প্রকল্প। সভায় অর্থমন্ত্রী ও একনেকের বিকল্প চেয়ারম্যান আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন,্রপানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।