১৯ প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে ১৯ প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের সাক্ষাৎকার নেয় ডেপুটি গভর্নর নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি। ২১ প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও ১৯ জন অংশ নিয়েছেন। ১৫ মে’র মধ্যে সার্চ কমিটি সরকারের কাছে যোগ্য প্রার্থীর নাম জমা দেবে।
জানা যায়, রিজার্ভ চুরির ঘটনায় গত ১৫ মার্চ গভর্নর পদত্যাগ করেন ও দুই ডেপুটি গভর্নরকে প্রত্যাহার করে নেয় সরকার। এর পরদিন ডেপুটি গভর্নর নিয়োগের জন্য একটি সার্চ কমিটি গঠন করে সরকার। ৫৬ প্রার্থী এই পদের জন্য আবেদন করলে ২১ প্রার্থীর একটি সংক্ষিপ্ত তালিকা করে সার্চ কমিটি।
সাক্ষাৎকারে অংশ নেওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, মাহফুজুর রহমান, আবদুল হক ও কাজী নাসির আহমেদ, বর্তমান নির্বাহী পরিচালক এস এম মুনিরুজ্জামান, আবদুর রহিম, নির্মল চন্দ্র ভক্ত, নওশাদ আলী চৌধুরী, বিষ্ণু পদ সাহা, মিজানুর রহমান জোদ্দার, সাইফুল ইসলাম, হুমায়ুন কবির, আহমেদ জামাল ও মো. নাজিমুদ্দিন।
এর বাইরে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) খলিলুর রহমান চৌধুরী, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সাবেক এমডি ওমর ফারুক, উত্তরা ব্যাংকের সাবেক ডিএমডি সাবেরা আক্তারি জামাল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি আবদুল খালেক খান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ডিএমডি আফজালুল বাসারের সাক্ষাৎকার নিয়েছে সার্চ কমিটি।