
কনটেইনারে পণ্য পরিবহন শুরুর ১০ বছর পর ১৯৮৭ সালে বেসরকারি খাতে নতুন এক সেবার যাত্রা শুরু হয়। তবে কার্যক্রম শুরু হতে সময় লাগে আরও আট বছর। এটি কনটেইনারের ডিপো।
কনটেইনারে পণ্য পরিবহনের জনপ্রিয়তার ছোঁয়া লাগে এই সেবা খাতে। তবে ধীরে ধীরে এগিয়ে গেলেও এই খাতের জন্য ছিল না সমন্বিত নীতিমালা। ফলে সেবার মাশুল আদায়, সেবার মান নিয়ে আমদানি-রপ্তানিকারক অর্থাৎ ব্যবহারকারীদের সঙ্গে এই খাতের মালিকদের বিরোধ দেখা দেয় মাঝে মাঝে। নীতিমালার অভাবে বিরোধ নিষ্পত্তির কাজটিও সহজ ছিল না।
তবে কার্যক্রম শুরুর ১৯ বছর পর এবার সমন্বিত নীতিমালার আওতায় আনা হচ্ছে বেসরকারি ডিপোগুলোকে। এ-সংক্রান্ত একটি কমিটি নীতিমালা প্রণয়ন করে নৌপরিবহন মন্ত্রণালয়ে জমাও দিয়েছে।
বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) নজরুল ইসলামকে আহ্বায়ক করে ১২ সদস্যের একটি কমিটি এই নীতিমালা প্রণয়ন করে। বেসরকারি ডিপো, চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিনিধিসহ কমিটি ২৫টি সভা করে এই নীতিমালা প্রণয়ন করে।
কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম সম্প্রতি প্রথম আলোকে বলেন, এই নীতিমালা নিয়ে সব পক্ষই একমত হয়েছে। নীতিমালাটি নৌ-মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করে কার্যকর করার জন্য ব্যবস্থা নেবে।
জানা গেছে, শুরুতে বেসরকারি ডিপো খালি কনটেইনার সংরক্ষণাগার হিসেবে কার্যক্রম শুরু করে। ১৯৯৮ সালে রাজস্ব বোর্ড বেসরকারি ডিপো স্থাপন-সংক্রান্ত নীতিমালা জারি করে। এরপর বন্দর কর্তৃপক্ষ ২০০৬ সালে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়। ২০০৮ সালে এই নীতিমালার খসড়া তৈরি হলেও তা আলোর মুখ দেখেনি।
প্রথমে খালি কনটেইনার সংরক্ষণ, পরে রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই এবং সর্বশেষ ২৯ ধরনের আমদানি পণ্য কনটেইনার থেকে খালাসের অনুমোদন দেওয়া হয় এসব ডিপোকে।
নীতিমালা না থাকায় এসব ডিপোর বিভিন্ন সেবা মাশুল নিয়ে সম্প্রতি ব্যবহারকারীদের সঙ্গে বিরোধ দেখা দেয়। তবে নীতিমালা অনুযায়ী এখন ডিপো মালিকেরা চাইলেই ভাড়া বাড়াতে পারবেন না। এ জন্য একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে। কমিটির মাধ্যমে মন্ত্রণালয় অনুমোদন দিলেই কার্যকর হবে নতুন ভাড়া। আবার ডিপোর আকার অনুযায়ী যন্ত্রপাতির পর্যাপ্ততাও নিশ্চিত করার কথা বলা হয়েছে নীতিমালায়।
জানতে চাইলে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান বলেন, দিন দিন পরিধি বাড়ছে এ খাতের। এখন পর্যন্ত ১৭টি ডিপোতে প্রায় চার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এই নীতিমালা কার্যকর দেরিতে হলেও এ শিল্পের জন্যই ভালো হবে।
২০১০ সালের শিল্পনীতিতে ‘সেবা শিল্প’ হিসেবে স্থান দেওয়া হয়েছে বেসরকারি ডিপোগুলোকে। আবার নিয়ন্ত্রিত শিল্পের তালিকায়ও আছে এটি। কারণ, বেসরকারি কনটেইনার ডিপোগুলো ‘কাস্টমস বন্ডেড’ বা সংরক্ষিত এলাকা। বন্দর থেকে ছাড়পত্র এবং শুল্ক কর্তৃপক্ষ থেকে লাইসেন্স পাওয়ার পরই এই ডিপোর কার্যক্রম শুরু করা যায়।
প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, ইতোমধ্যে স্থাপিত এবং ভবিষ্যতে স্থাপিতব্য বেসরকারি ডিপো স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় এই নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০ পৃষ্ঠার এই নীতিমালা অনুসারে ডিপো মালিক বা ব্যবসায়ী কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হলে বন্দর চেয়ারম্যানের কাছে আবেদন করতে পারবেন। চেয়ারম্যান এই বিরোধ নিষ্পত্তিকরণে ব্যবস্থা গ্রহণ করবেন।
যানজটের বিষয়টি মাথায় রেখে বন্দর থেকে ১৫ কিলোমিটার দূরে ডিপো স্থাপনের কথা বলা হয়েছে নীতিমালায়। আবার সড়ক থেকে কমপক্ষে ২০০ মিটার দূরে ডিপোর ফটক স্থাপন করতে হবে। দেশি-বিদেশি যৌথ প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন ডিপো স্থাপনে দেশীয় প্রতিষ্ঠানের অংশীদারি কমপক্ষে ৫১ শতাংশ হতে হবে।
নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য ও বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম মনে করেন, নীতিমালা কার্যকর হলে এই খাতে জবাবদিহি নিশ্চিত হবে। কারণ নীতিমালায় ডিপোর আয়তন অনুযায়ী যন্ত্রপাতির পর্যাপ্ততা, ডিপোগুলোর কর্মসহায়ক পরিবেশ ইত্যাদি বিষয় সুনির্দিষ্ট করা হয়েছে।
বলা হয়ে থাকে, শুল্ক বন্দর হিসেবে পরিচিত বেসরকারি কনটেইনার ডিপোর কারণেই বন্দর দক্ষতা ধরে রাখতে পেরেছে। দেশের পোশাকশিল্পের যত পণ্য রপ্তানি হয়, তার ৯০ শতাংশই চট্টগ্রামের বেসরকারি ডিপোগুলোতে কনটেইনারে বোঝাই হয়। এরপর বন্দর দিয়ে রপ্তানি হয়। আবার আমদানি পণ্যের ২৩ শতাংশ এসব ডিপোতে এনে কনটেইনার খুলে খালাস হয়। কনটেইনারে পণ্যবোঝাই ও খালাসের বড় অংশই এসব ডিপোতে হচ্ছে। চট্টগ্রাম বন্দরের এক থেকে ২৬ কিলোমিটার দূরত্বের মধ্যে বিচ্ছিন্নভাবে মোট ২৬৮ দশমিক ২৬ একর জায়গায় এসব ডিপো গড়ে তোলা হয়েছে।
ডিপোর কর্মকর্তারা জানান, রপ্তানিকারক ও আমদানিকারকদের পরোক্ষভাবে এসব ডিপোর গ্রাহক হিসেবে ধরা হয়। জাহাজ কোম্পানির প্রতিনিধি ও ফ্রেইট ফরোয়ার্ডাররা সরাসরি বেসরকারি ডিপোর প্রধান গ্রাহক। পছন্দের ডিপো বেছে নেওয়ার ক্ষেত্রে ডিপোগুলোর সেবা, বিপণন দক্ষতা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা বিবেচনা করেন গ্রাহকেরা।