প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশনা বা করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন পরিপূর্ণভাবে বাস্তবায়নে ব্যর্থ ১৯২টি তালিকাভুক্ত কোম্পানির কাছে ব্যাখ্যা তলব করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার কমিশন সভায় এই ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএসইসি বলছে, যেসব কোম্পানি প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশনা পরিপূর্ণভাবে পরিপালনে ব্যর্থ হয়েছে সেসব কোম্পানিকে এ বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে হবে। কমিশনের চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে এই ব্যাখ্যা দিতে হবে। এর আগে কমিশন প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশনার তিনটি শর্ত পরিপালনের হালনাগাদ তথ্য জানাতে চেয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২০টি কোম্পানিকে চিঠি দেয়। চিঠির জবাবে কোম্পানিগুলো তাদের এ সংক্রান্ত হালনাগাদ তথ্য কমিশনে জমা দেয়। সেসব তথ্য পর্যালোচনা করে কমিশন জানিয়েছে, ১২৮টি কোম্পানি এই নির্দেশনা পরিপূর্ণভাবে পরিপালন করেছে। ১০১টি কোম্পানি তিন শর্তের কোনোটিই পরিপালন করেনি। আর ৯১টি কোম্পানি আংশিক শর্ত পরিপালন করেছে। সুশাসন নির্দেশনার আলোকে উল্লিখিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের আকার, স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও হিসাব নিরীক্ষা কমিটি গঠনের শর্ত পরিপালনের বিষয়ে কোম্পানিগুলোর কাছে জানতে চেয়েছিল বিএসইসি।