১৯৬৯ অধ্যাদেশ সংশোধন নিয়ে এসইসিতে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অধ্যাদেশ ১৯৬৯-এর সংশোধন বিষয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার নবনিযুক্ত কমিশন এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও বিমা কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।এসইসি সূত্রে জানা যায়, সম্প্রতি শেয়ার বাজারে ধসের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি এসইসি পুনর্গঠন ও সিকিউরিটিজ অধ্যাদেশ ১৯৬৯ সংশোধনের সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে এসইসির চেয়ারম্যান ও দুই সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এখন অধ্যাদেশ সংশোধনের বিষয়টি গুরুত্ব দিচ্ছে এসইসি।এ ব্যাপারে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ১৯৬৯ অধ্যাদেশ সংশোধনের বিষয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে এসইসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে।এদিকে অধ্যাদেশ সংশোধনের বিষয়ে আজ বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এসইসি, বিমা নিয়ন্ত্রক কমিশন, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।