১৯৭২ সাল থেকে কর দেন মৌলভীবাজারের সাত্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আবদুস সাত্তার
আবদুস সাত্তার
১৯৭২ সালে কর বিভাগের এক কর্মকর্তা তাঁদের দোকানসহ উপজেলা সদরের আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। সেই কর্মকর্তা প্রতিষ্ঠানগুলোকে কর দেওয়ার জন্য তালিকাভুক্ত করেন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ব্যবসায়ী মো. আবদুস সাত্তার ১৯৭২ সাল থেকে নিয়মিত কর দিয়ে আসছেন। এবার তাঁকে জেলার দীর্ঘ সেরা করদাতার সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

উপজেলা সদরের ডাকঘর সড়ক এলাকায় আবদুস সাত্তারের জালালাবাদ ফার্মেসি নামে একটি ওষুধের দোকান আছে। ওষুধের ব্যবসাটি তাঁর বাবা চিকিৎসক ফাইয়াজ আলীর হাতে গড়া। ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার রাতাবাড়ীর কাজীরবাজারে ১৯২৮ সালে ব্যবসা শুরু করেন ফাইয়াজ আলী। ১৯৪৭ সালে গণভোটের পর আসাম রাজ্যের কিছু অংশ তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। এরপরই ফাইয়াজ পরিবারের সদস্যদের নিয়ে সিলেটের কানাইঘাট থানার ঝিঙ্গাবাড়ী গ্রামে চলে আসেন। সেখানেও ওষুধের ব্যবসা শুরু করেন।
১৯৬৪ সালে জুড়ীর জাঙ্গিরাই (প্রস্তাবিত মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর) চত্বরের কাছে ‘রাতাবাড়ী হাউসে’ বসতি স্থাপন করেন ফাইয়াজ আলী। পাশাপাশি উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে ‘দ্য জালালাবাদ ফার্মেসি’ নামে ওষুধের দোকান চালু করেন। ১৯৭৪ সালে তিনি মারা যান। তাঁর আগেই ১৯৭২ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করে ব্যবসার হাল ধরেন মেজ ছেলে আবদুস সাত্তার। ২০১২ সালে তিনি ডাকঘর এলাকায় ফার্মেসি স্থানান্তর করেন।
সেই রাতাবাড়ী হাউসে বসে গতকাল সোমবার এসব কথা বলেন আবদুস সাত্তার। তিনি বলেন, ১৯৭২ সালে কর বিভাগের এক কর্মকর্তা তাঁদের দোকানসহ উপজেলা সদরের আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। সেই কর্মকর্তা প্রতিষ্ঠানগুলোকে কর দেওয়ার জন্য তালিকাভুক্ত করেন।
তারপর থেকেই আবদুস সাত্তার নিয়মিত কর দিয়ে আসছেন। ২০১০ সালে সর্বোচ্চ ৫৬ হাজার টাকা কর দিয়েছিলেন তিনি। সিলেট কর অঞ্চলের ১৫ নম্বর সার্কেলের করদাতা তিনি।
গত ২৪ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান স্বাক্ষরিত একটি সম্মাননাপত্র তাঁর কাছে পাঠানো হয়। এতে বলা হয়, গত ২০১৫-১৬ অর্থবছরে মৌলভীবাজার জেলার দীর্ঘ সময় আয়কর প্রদানকারী হওয়ায় আবদুস সাত্তারকে এ সম্মাননা প্রদান করা হলো। ৩০ নভেম্বর সাত্তারের ছেলে ইমরান শরীফ বাবার পক্ষেÿসিলেটে কর বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা গ্রহণ করেন। শরীফই এখন বাবার ব্যবসা দেখাশোনা করছেন।
নিয়মিত কর দেওয়ার বিষয়ে আবদুস সাত্তার বলেন, ‘আমি কর প্রদানে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি চাই, দেশ সমৃদ্ধ হোক।’ করের আওতাভুক্ত সব ব্যবসায়ী সরকারকে কর দেবেন, এমনটাই প্রত্যাশা তাঁর।
সিলেট কর অঞ্চলের ১৫ নম্বর কুলাউড়া সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার সৈয়দা নীলিমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘বড় শহরের অনেক বড় বড় ব্যবসায়ী কর ফাঁকি দেন। তবে তৃণমূল পর্যায় থেকে সরকারকে দীর্ঘদিন ধরে কর প্রদান করে ব্যবসায়ী আবদুস সাত্তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটা অন্যদের কাছে অনুসরণীয় হবে বলে আমার বিশ্বাস।’