২ কোটি টাকার বদলে এখন ১৮ কোটি
যথাসময়ে বিমা দাবি পরিশোধ না করায় ৯ গুণ বেশি খেসারত দিচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রগতি ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
কোম্পানিটি ২ কোটি ২৬ লাখ ৮৫ হাজার টাকার বদলে গ্রাহক আনোয়ারা সি ফুডকে পরিশোধ করছে এখন প্রায় ১৮ কোটি টাকা। ২০ বছর আগের এ ঘটনা আদালত পর্যন্ত গড়ালে এর চূড়ান্ত রায় হয় ২০১৩ সালে। প্রগতি বেশির ভাগ টাকা দিয়েও দিয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এত বেশি পরিমাণ বিমা দাবি আদালতের নির্দেশে ফিরে পাওয়ার ঘটনা দেশের বিমা খাতে এটাই প্রথম।
জানা গেছে, প্রগতির কাছে আনোয়ারার পলিসির আকার ৩ কোটি ৩০ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত হিমাগার প্রতিষ্ঠান আনোয়ারা প্রগতির কাছে ১৯৯৫ সালে ২ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা বিমা দাবি করে। প্রগতি তা পরিশোধে নানা অজুহাত তুললে ছয় বছর পর মামলা করে আনোয়ারা এবং পক্ষে রায় পায়।
রায়ের বিপক্ষে প্রগতি আপিল করলেও তা খারিজ হয়ে যায়। চূড়ান্ত রায় হয় ২০১৩ সালের সেপ্টেম্বরে। নির্দেশ অনুযায়ী, নভেম্বর পর্যন্ত হিসাবে আনোয়ারাকে ১৬ কোটি ৪২ লাখ ৯২ হাজার টাকা পরিশোধ করবে প্রগতি। এর মধ্যে মূল বিমা দাবি ২ কোটি ২৬ লাখ ৮৫ হাজার টাকা। বাকি ১৪ কোটি ১৬ লাখ ৭ হাজার টাকা সুদ।
মূল ঘটনা: জানা গেছে, ১৯৯৫ সালের ১২ মার্চ ক্ষতিগ্রস্ত হয় হিমাগার আনোয়ারা সি ফুড। হিমাগারের একটি চেম্বার থেকে হঠাৎ অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়ে ছড়িয়ে পড়ে। এতে হিমাগারে মজুত থাকা মাছ ও অন্য পণ্য ক্ষতিগ্রস্ত হয়। একই বছরের ৬ আগস্ট প্রগতিতে দাবির টাকা চেয়ে আবেদন করে আনোয়ারা। কিন্তু যৌথ জরিপকারী এশিয়ান সার্ভেয়ারস ও জি কে অ্যাডজাস্টার্স ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ১ কোটি ৪৭ লাখ টাকা। প্রগতি তা মানেনি।
পরে পুনর্বিমাকারী সাধারণ বীমা করপোরেশনকে (এসবিসি) নিয়ে প্রগতি নিট ক্ষতি ঠিক করে ৯৭ লাখ ৬৬ হাজার টাকা। জরিপকারীরাও আগের জরিপ থেকে সরে এসে সংশোধনী দেয় এবং ক্ষতি কমিয়ে ঠিক করে ১ কোটি ৫ লাখ টাকা।
মোট মজুত পণ্যের ওপর ভিত্তি করে প্রথমে ২ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা দাবি করেও আনোয়ারা পরে তা কমিয়ে চায় ২ কোটি ২৬ লাখ ৮৫ হাজার টাকা। প্রগতি এই টাকা দিতেও অস্বীকৃতি জানায়। দাবি আদায়ের চেষ্টা-তদবিরে কেটে যায় ছয় বছর।
সুদসহ টাকা ফেরতের নির্দেশ: দাবির টাকা পেতে সাব জজ পঞ্চম আদালত, ঢাকায় ২০০১ সালে প্রগতির বিরুদ্ধে মামলা দায়ের করে আনোয়ারা। আনোয়ারার পক্ষে প্রথম রায় আসে ২০১০ সালের মে মাসে। রায়ে বলা হয়, মূল টাকার পাশাপাশি প্রচলিত ব্যাংক হারের অতিরিক্ত ৫ শতাংশ হারে সুদও পাবে আনোয়ারা।
কিন্তু সুদ কবে থেকে গণনা হবে, তা নিয়ে প্রশ্ন তোলে প্রগতি। কোম্পানিটির মতে, বিমা দাবি উত্থাপনের ৯০ দিন পর থেকে, না রায় ঘোষণার পর থেকে সুদ কার্যকর হবে, রায়ে তার নির্দেশনা নেই। নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করে আনোয়ারা। আর প্রগতি আপিল করে মামলার রায়েরই বিরুদ্ধে।
উভয় পক্ষের শুনানির পর আনোয়ারার পক্ষে চূড়ান্ত রায় আসে ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর। এতে বিমা দাবি উত্থাপনের পর থেকেই সুদ গণনার নির্দেশনা দেওয়া হয়।
কম দেওয়ার শেষ চেষ্টা: ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত হিসাবে আনোয়ারার পাওনা ১৬ কোটি ৪২ লাখ ৯২ হাজার টাকা হলেও যথাসময়ে পরিশোধ না করায় তা বাড়তে থাকে। প্রগতি ২০১৪ সালের ১ জানুয়ারি পাঁচ কোটি টাকা দিয়ে দুই মাস পর মার্চে আনোয়ারাকে জানিয়ে দেয়, আনোয়ারা মোট ৬ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা পাবে।
আনোয়ারা পরে নালিশ জানায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে। আইডিআরএর নির্দেশে পরে ছয় দফায় ১৪ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা পরিশোধ করে প্রগতি।
আনোয়ারা পাবে প্রগতির কাছে আরও ৩ কোটি ৪২ লাখ ৬৭ হাজার টাকা (গত ২৪ আগস্ট পর্যন্ত হিসাবে)। অর্থাৎ দেরির কারণে প্রগতিকে দুই কোটি টাকা বেশি গুনতে হচ্ছে।
এসবিসি সূত্রে জানা গেছে, এর মধ্যে প্রগতির নিজের তহবিল থেকে ব্যয় হবে মাত্র ২২ লাখ ৬২ হাজার টাকা। বাকি ১৬ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকাই পুনর্বিমাকারী হিসেবে প্রগতিকে দেবে এসবিসি। এসবিসি আবার এই টাকা পাবে তার পুনর্বিমাকারী বিদেশি কোম্পানি মিউনিখ রি থেকে।
এদিকে টাকা পরিশোধে ঢিলেমি করায় গত ২৪ আগস্ট প্রগতি ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলামকে ৫০ হাজার ও কোম্পানিকে পাঁচ লাখ টাকা জরিমানা করে আইডিআরএ এবং ১০ দিনের মধ্যে বাকি টাকা পরিশোধের নির্দেশ দেয়।
প্রগতি ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা যথাসময়েই বাকি টাকা পরিশোধ করব।’ এর বাইরে কোনো কথা বলতে চান না তিনি।