২ কোটি ৫০ লাখ টাকার অপরিবর্তনীয় শূন্য কুপন বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া
ব্যাংক এশিয়া দুই কোটি ৫০ লাখ টাকার অপরিবর্তনীয় শূন্য কুপন বন্ড (নন-কনভার্টিবল জিরো কুপন বন্ড) ছাড়বে। ব্যাসেল ২ আইন অনুযায়ী ফ্যাসিলিটি অ্যারাঞ্জার ইন্ডাস্ট্রিয়াল ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি লিমিটেডের (আইআইডিএফসি) অধীনে নিয়ন্ত্রক সংস্থা ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ার হোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এই বন্ড বাজারে ছাড়া হবে।প্রস্তাবিত এই অপরিবর্তনীয় শূন্য কুপন বন্ড প্রতিষ্ঠানটির মূলধন আরও শক্তিশালী করবে।ঢাকায় অবস্থিত ব্যাংক এশিয়ার করপোরেট অফিসে আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ রউফ চৌধুরী ও আইআইডিএফসির চেয়ারম্যান এম মতিউল ইসলাম উপস্থিত ছিলেন।ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এরফানউদ্দিন আহমেদ ও আইআইডিএফসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।