২ নভেম্বর ঢাকার ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর (মূসক) কমানোর দাবিতে আগামী ২ নভেম্বর রাজধানীর সব ব্যবসাপ্রতিষ্ঠানে সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দিয়েছে ব্যবসায়ী ঐক্য ফোরাম। এর আগে সংগঠনটি আগামী রোববার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সামনে প্রতিবাদ সমাবেশ করবে।

রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার এসব কর্মসূচি ঘোষণা করেন ফোরামের নেতারা। আগামী ১২ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘেরাও করবেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেবেন বলে জানান।

এফবিসিসিআইতে গত সোমবার এক মতবিনিময় সভায় ব্যবসায়ী ঐক্য ফোরাম এসব কর্মসূচি গ্রহণ করেছিল। গতকালের সংবাদ সম্মেলনে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এতে মূল বক্তব্য তুলে ধরেন ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে এ বছর বাজেটে প্যাকেজ মূসক বহাল রাখা হয়েছে। কিন্তু মূসকের পরিমাণ অযৌক্তিকভাবে বাড়িয়ে ধরা হয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই, যৌক্তিক হারে আরোপ করে প্যাকেজ মূসক আইনে অন্তর্ভুক্ত করা হোক।’

চলতি অর্থবছরের বাজেট ঘোষণার আগে থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্যাকেজ মূসক ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়ে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মূসক আইন বাস্তবায়ন এক বছর পিছিয়ে দেন। বাজেটে প্যাকেজ মূসকের ব্যবস্থা রাখা হয়, তবে লেনদেনসীমা বেঁধে দেওয়া হয় ৮০ লাখ টাকা। অন্যদিকে ঢাকা মহানগরে প্যাকেজ মূসকের সর্বনিম্ন হার ১৪ হাজার থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করা হয়।

কর আদায়ের ক্ষেত্রে এনবিআরের মাঠপর্যায়ের কর্মকর্তারা হয়রানি করছেন বলেও অভিযোগ করেন আবু মোতালেব। তিনি বলেন, তাঁরা দোকানের নথিপত্র জব্দ করছেন। কিছু টাকা দিলে তা ফেরত দিচ্ছেন। হয়রানির বিরুদ্ধে সব সময় বলা হলেও তা বন্ধ হচ্ছে না। এনবিআরে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েও সুফল মেলেনি।

আবু মোতালেব কম দামি বিস্কুট, রুটি, কেক ও হাওয়াই চপ্পলের ওপর মূসক প্রত্যাহারের দাবিও জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আবদুস সালাম,  এফবিসিসিআইয়ের পরিচালক ও পেপার আমদানিকারক সমিতির সভাপতি সফিকুল ইসলাম ভরসা, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান, পুরান ঢাকার ব্যবসায়ী সমন্বয়কারী গিয়াস উদ্দিন, পাদুকা প্রস্তুতকারক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।