২ নভেম্বর পর্যন্ত আয়কর বিবরণী জমা দেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণির বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। ফলে আগামী ২ নভেম্বর পর্যন্ত আয়কর বিবরণী জমা দিতে পারবেন ব্যক্তিশ্রেণির করদাতারা।


এনবিআর সূত্রে জানা যায়, মূলত ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়। আগামীকাল মঙ্গলবার আয়কর বিবরণী জমার সময় শেষ হচ্ছে। প্রতিবারই এক বা একাধিকার সময় বাড়ানো হয়। এটা অনেকটা নিয়মে পরিণত হয়েছে।


ঈদুল আজহা ও দুর্গাপূজার কারণে ব্যবসায়ীদের ব্যস্ততা রয়েছে। সম্প্রতি দেশের বেশ কিছু অঞ্চল বন্যাকবলিত হয়েছে। এমন কারণ দেখিয়ে এবারও আয়কর বিবরণী জমার সময় বাড়ানো হয়েছে।
এবারই ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ছাড়া রিটার্ন জমা নিচ্ছে না এনবিআর। তাই বিপুলসংখ্যক করদাতা এখনো রিটার্ন জমা করতে পারেননি। ইটিআইএন নিতে এনবিআরের ওয়েবসাইটে গিয়ে পুরোনো টিআইএনের বিপরীতে পুনর্নিবন্ধন নিতে হয়।

তাই অনেকে বিশেষ করে প্রবীণ করদাতারা বিপাকে পড়ছেন সবচেয়ে বেশি। ইন্টারনেট ব্যবহার করতে না পারায় ইটিআইএনের জন্য তাঁদের অনেককেই অন্যের মুখাপেক্ষী হতে হচ্ছে। ফলে অনেকেই এখনো রিটার্ন জমা করতে পারছেন না।


এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীসহ সব বিভাগীয় শহর ও জেলায় অনুষ্ঠিত করমেলায় এবার এক লাখ ৪৯ হাজার ৩০৬ জন আয়কর বিবরণী জমা দিয়েছেন। আয়কর পাওয়া গেছে এক হাজার ৬৭৫ কোটি টাকা। গত বছর মেলায় এক লাখ ৩২ হাজার আয়কর বিবরণী জমা পড়েছিল। এ বছর এখন পর্যন্ত সার্কেল কার্যালয়ে কী পরিমাণ বিবরণী জমা পড়েছে, এই চূড়ান্ত হিসাব এখনো পায়নি এনবিআর। এনবিআরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সব মিলিয়ে তিন লাখের মতো আয়কর বিবরণী জমা পড়তে পারে।


সাধারণত প্রতিবছর অর্থবছরের প্রথম তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আয়কর দেওয়ার সময় থাকে। প্রতিবারই এক বা একাধিকবার সময় বাড়ানো হয়। বেশির ভাগ সময় ব্যবসায়ীদের অনুরোধে এ সময় বাড়ানো হয়।


গত বছর ডিসেম্বর মাস পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। গত করবর্ষে প্রায় ১৩ লাখ করদাতা বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। বর্তমানে প্রায় ১৮ লাখ টিআইএনধারী রয়েছেন।