২ বছরে তিনটি পাটকল আধুনিকায়ন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন তিনটি পাটকলের আধুনিকায়ন করা হবে। এগুলো হচ্ছে ঢাকার করিম জুট মিলস, চট্টগ্রামের আমিন জুট মিলস ও খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস।

পাটকলগুলো আধুনিকায়নের জন্য চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন ফর ফরেন ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল করপোরেশনের (সিটিইএক্সআইসি) কারিগরি সহায়তা নেবে বিজেএমসি। এ জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল মঙ্গলবার উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। এতে স্বাক্ষর করেন বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ ও সিটিইএক্সআইসির ভাইস প্রেসিডেন্ট ফাং উই। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বিজেএমসির অধীনে বর্তমানে ২৪টি পাটকল আছে। ১ হাজার ২২৮ একর জমির ওপর প্রতিষ্ঠিত এসব কারখানার যন্ত্রপাতি ৬০-৭০ বছরের পুরোনো হওয়ায় উৎপাদনক্ষমতা ১০০ থেকে ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। এসব পুরোনো যন্ত্রপাতি দিয়ে বহুমুখী পাটপণ্য উৎপাদন সম্ভব নয়। তবে বিশ্বব্যাপী এসব পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

জানতে চাইলে হুমায়ুন খালেদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পাটকল তিনটির আধুনিকায়ন করা হলে উৎপাদনক্ষমতা বর্তমানের চেয়ে ৩২ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়বে। সেটি হলে অবশ্যই পাটপণ্য রপ্তানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পাটকলগুলোতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

হুমায়ুন খালেদ বলেন, আমাদের পাটকলগুলোতে উৎপাদিত পণ্যের ১৫ শতাংশ স্থানীয় বাজারে যায়। বাকি ৮৫ শতাংশ পণ্য রপ্তানি হয়। তিনি জানান, আধুনিকায়ন করা তিন পাটকলে বস্তা, চটের মতো প্রচলিত পণ্য উৎপাদনের পাশাপাশি বহুমুখী পাটপণ্য প্রস্তুতকারক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কাঁচামাল সরবরাহ করা হবে।

বিজেএমসির চেয়ারম্যান বলেন, কাল (আজ) চীনা প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে। নতুন করে একটি সমীক্ষা করতে হবে। ফলে চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুর দিকে তিনটি পাটকলের আধুনিকায়নে কাজ শুরু হবে। পর্যায়ক্রমে বাকিগুলোও করা হবে।