২ লাখ টন ভোজ্যতেল বন্দরেই

পবিত্র রমজানের বাজার ধরতে চাহিদার তুলনায় বেশি পরিমাণে ভোজ্যতেল আমদানি করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু আমদানি করা এসব ভোজ্যতেলের সব রমজান মাসে বিক্রি হয়নি। ফলে জাহাজ ও ট্যাংক টার্মিনালে পড়ে আছে প্রায় দুই লাখ টন ভোজ্যতেল।
চাহিদার তুলনায় মজুত বেশি থাকায় এখন ধীরে ধীরে খালাস হচ্ছে এসব ভোজ্যতেল। এ কারণে ওই সময় বন্দরে আসা জাহাজ থেকে এখনো ভোজ্যতেল খালাস শেষ হয়নি। রমজান মাসের চাহিদা শেষ হওয়ার পরও বহির্নোঙরে পাঁচ জাহাজে আছে প্রায় ৭০ হাজার টন ভোজ্যতেল। কাস্টম-নিয়ন্ত্রিত সাতটি টার্মিনালে মজুত আছে এক লাখ ৩১ হাজার টন।
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ব্যাংকঋণ শোধ করতে না পারায় ভোজ্যতেল ব্যবসায়ীরা অনেকেই আমদানিতে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। শুধু টিকে, সিটি, মেঘনা ও এস আলম—এই চারটি ব্যবসায়ী গ্রুপের আমদানি করা ভোজ্যতেল দিয়ে বাজারের চাহিদা মেটানো হতো। কিন্তু এবার রমজান মাসের আগে ব্যাংকের সহযোগিতায় ঋণ পেয়ে নিষ্ক্রিয় গ্রুপগুলোও সক্রিয় হয়ে ওঠে। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যায়।
ব্যবসায়ীরা মনে করেন, চাহিদার চেয়ে অস্বাভাবিক রকম কম ভোজ্যতেল আমদানি যেমন ভালো নয়, তেমনি অস্বাভাবিক বেশি তেল আমদানিও বাজারের জন্য ইতিবাচক নয়। কারণ, সরবরাহ বেশি বেড়ে গেলে বাজার পড়তির দিকে থাকে। ফলে অনেকে লোকসানে পণ্য বিক্রি করেন। আবার দাম না পেয়ে অনেকে ব্যাংকের ঋণ শোধ করতে পারেন না। ফলে বাজার থেকে প্রতিযোগী হারিয়ে যায়। পরে সংকট তৈরি হলে দাম বাড়িয়ে পুষিয়ে নেন ব্যবসায়ীরা। এভাবে ধারাবাহিকভাবে গুটি কয়েক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যায় বাজার। ফলে ভোক্তাদেরই বিপদ বাড়ে।
আমদানি বেশি হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ভোজ্যতেল আমদানিকারক এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে পূর্বাভাস ছিল, রোজার আগে ভোজ্যতেলের দাম বাড়তে পারে। এর ফলে সবাই রোজার আগে আমদানিতে ঝুঁকে পড়েন। এ কারণে এবার অনেক বেশি পরিমাণে ভোজ্যতেল আমদানি হয়েছে। টার্মিনালগুলোতে এখন কার্যত ভোজ্যতেল রাখার জায়গাও নেই।’ তিনি বলেন, ‘তিন মাস আগে টনপ্রতি প্রায় ৯০০ ডলারে পামতেল কিনেছিলাম। দেশে আনার পর দেখি সেই পামতেল এখন ৭৮০-৭৯০ ডলারে বিক্রি হচ্ছে বিশ্ববাজারে। ভোজ্যতেলের বাজার এখন শেয়ারবাজারের মতো হয়ে গেছে।’
বাংলাদেশ ট্যারিফ কমিশনের হিসাবে, বছরে ভোজ্যতেলের চাহিদা সাড়ে ১২ থেকে সাড়ে ১৩ লাখ টন। তবে ব্যবসায়ীদের হিসাবে চাহিদা ১৪ থেকে ১৫ লাখ টন। গত অর্থবছর ব্যবসায়ীরা কারখানায় শোধনের জন্য টার্মিনালগুলো থেকে খালাস করেছেন প্রায় ১৫ লাখ ৯৫ হাজার টন ভোজ্যতেল।
দেশের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, মূলত আন্তর্জাতিক বাজার পড়তির দিকে থাকায় এবং সরবরাহ বাড়ায় অন্য সময়ের তুলনায় এবার ভোজ্যতেলের দাম স্থিতিশীল রয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের মূল্য তদারককারী সংস্থা ইনডেক্স মুন্ডি ডটকমের তথ্যানুযায়ী, কয়েক মাস ধরে ভোজ্যতেলের বাজার কমতির দিকে। গত এপ্রিল থেকে জুন মাসের ব্যবধানে পামতেলের দাম কমেছে টনপ্রতি প্রায় ১০০ ডলার বা কেজিতে সাত টাকা ৮০ পয়সা। একই সময়ে সয়াবিনের দাম কমেছে টনপ্রতি ৬৩ ডলার বা কেজিপ্রতি প্রায় পাঁচ টাকা। জাহাজে ও টার্মিনালে মজুত থাকা ভোজ্যতেলের বেশির ভাগ ঋণপত্রই খোলা হয়েছে মে-জুন মাসে।
খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী আবদুর রাজ্জাক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, এখন কমবেশি সব কারখানার শোধিত ভোজ্যতেল বাজারে পাওয়া যাচ্ছে। আবার আন্তর্জাতিক বাজারও কম। এ কারণে গত এক মাসের ব্যবধানে প্রতি মণে ১০০ টাকা কমেছে ভোজ্যতেলের দাম। তবে আন্তর্জাতিক বাজার থেকে এখন যেসব ভোজ্যতেল কেনা হবে, সেগুলো স্থানীয় বাজারে আসার পর দাম আরও কমতে পারে বলে তিনি ধারণা করছেন।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ৮৮ থেকে ৯৫ টাকা এবং এক লিটারের বোতলজাত তেল ১১২ থেকে ১১৬ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি লিটার খোলা পামতেল ৭২ থেকে ৭৪ টাকায় বিক্রি হচ্ছে।
জাহাজে-টামির্নালে ভোজ্যতেল: বন্দর সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই সিটি গ্রুপের আমদানি করা সাড়ে ১৬ হাজার টন ভোজ্যতেল নিয়ে বন্দরের জলসীমায় পৌঁছে ‘এমটি ফ্রন্ট ক্লাইড’। গত ২৫ দিনেও এই জাহাজের তেল খালাস শেষ হয়নি। আবার দেড় মাস পেরিয়ে গেলেও একই গ্রুপের ১৭ হাজার টন ভোজ্যতেলবাহী ‘এমটি আলেক্সাড্রোজ-২’ এখনো সাগরে ভাসছে। দুর্ঘটনার কারণে এই জাহাজ থেকে তেল খালাস করা যাচ্ছে না। দুই সপ্তাহ আগে বন্দরের জলসীমায় ভিড়লেও প্রায় ১৫ হাজার অশোধিত সয়াবিনবাহী একই প্রতিষ্ঠানের ট্যাংকার থেকে এখনো খালাস শুরু হয়নি।
সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘সেফ শিপিং লাইনের’ নির্বাহী পরিচালক কামাল হায়াত প্রথম আলোকে বলেন, ট্যাংক টার্মিনালে রাখার জায়গা না থাকায় পুরোদমে খালাস করা যাচ্ছে না। এ কারণে টার্মিনালে ভোজ্যতেল রাখার জায়গা খালি করে জাহাজ থেকে তেল খালাস করতে হচ্ছে। আবার লাইটার জাহাজ-সংকট থাকায়ও ভোজ্যতেল খালাসে সমস্যা হচ্ছে। বাড়তি অবস্থানের জন্য জরিমানা গুনতে হচ্ছে।
মেঘনা গ্রুপের আমদানি করা ২১ হাজার টন তেলবাহী জাহাজ বন্দরের জলসীমায় পৌঁছেছে এক সপ্তাহ আগে। মেঘনা গ্রুপের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, সব টার্মিনালে জায়গা খালি নেই। এ কারণে জায়গা খালি হওয়ার পর এই জাহাজ থেকে ভোজ্যতেল খালাস করে এমইবি ট্যাংক টার্মিনালে রাখা হচ্ছে।
সাধারণত ট্যাংকার আসার পর বন্দরের নির্ধারিত জেটিতে তা ভেড়ানো হয়। এরপর ট্যাংকারের সঙ্গে পাইপ লাগিয়ে সরাসরি ট্যাংক টার্মিনালে নেওয়া হয়। আর শুল্ক-কর পরিশোধ করার পর এসব ট্যাংক টার্মিনাল থেকে কারখানায় শোধনের জন্য ভোজ্যতেল খালাস করেন আমদানিকারকেরা। যেসব বড় ট্যাংকার জেটিতে ভিড়তে পারে না, সেগুলো থেকে সাগরে প্রথমে ছোট ট্যাংকারে পাইপের সাহায্যে স্থানান্তর করা হয়। এরপর জেটিতে ভিড়িয়ে পাইপের সাহায্যে টার্মিনালে নেওয়া হয়।