২ লাখ ১২ হাজার ৬১১ টাকা কর দিলেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর সম্পদ বিবরণী দাখিল করেছেন। আজ সোমবার তিনি সচিবালয়ে অনলাইনে এই বিবরণী দাখিল করেন।
২০১৬-১৭ করবর্ষে (অ্যাসেসমেন্ট ইয়ার) মোট ২ লাখ ১২ হাজার ৬১১ টাকা কর দিয়েছেন অর্থমন্ত্রী। আগের বছর তিনি ১ লাখ ১৭ হাজার ৫৩৩ টাকা কর দিয়েছিলেন।
২০১৫-১৬ অর্থবছরে অর্থমন্ত্রীর আয়ের পরিমাণ ৩৪ লাখ ২৫ হাজার ৪২ টাকা। এ সময়ে তাঁর সম্পদের পরিমাণ ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ৮৬ টাকা। এই হিসেবে ২০১৬-১৭ করবর্ষে (অ্যাসেসমেন্ট ইয়ার) ২ লাখ ১২ হাজার ৬১১ টাকা কর দিলেন অর্থমন্ত্রী।
২০১৪-১৫ অর্থবছরে তাঁর আয়ের পরিমাণ ছিল ২৭ লাখ ৯৪ হাজার ৯৬৭ টাকা। তাঁর সম্পদের পরিমাণ ছিল ছিল ১ কোটি ৭৪ লাখ ৫১ হাজার ৫৬০ টাকা।
সচিবালয়ে অনলাইনে সম্পদ বিবরণী দাখিলের সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রীদের স্বচ্ছভাবে সম্পদ বিবরণী দাখিলের প্রস্তাব মন্ত্রিসভায় করবেন কি না, তা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘প্রথমবার বলেছিলাম, কেউ সাড়া দিচ্ছে না।’
ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০১৬-১৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে ৩০ নভেম্বর।