২ হাজার কোটি টাকার ছয় প্রস্তাব অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়রা নদীর ওপর ১ হাজার ৪৭০ মিটার দীর্ঘ লেবুখালি সেতু নির্মাণসহ ছয়টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ২ হাজার ১১ কোটি টাকা ব্যয় হবে।
সচিবালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সভাপতিত্ব করেন। অর্থমন্ত্রী দেশে না থাকায় এ দায়িত্ব পালন করেন বাণিজ্যমন্ত্রী।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, সংযোগ সড়কসহ পায়রা নদীর ওপর ১ হাজার ৪৭০ মিটার সেতু (লেবুখালি সেতু) নির্মাণ ও তীর সুরক্ষা এবং ২৬ কিলোমিটার দীর্ঘ বরিশাল-পটুয়াখালী সড়কের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পেয়েছে চীনা প্রতিষ্ঠান লং ঝিয়াং রোডস অ্যান্ড ব্রিজ বিল্ডার্স লিমিটেড। এতে ব্যয় হবে ১ হাজার ২২ কোটি টাকা।
এ ছাড়া খুলনা পানি সরবরাহ প্রকল্পের জাইকা অংশের ওয়াটার ইনটেক ফ্যাসিলিটি এবং অপরিশোধিত পানির ট্রান্সমিশন পাইপলাইন নির্মাণে ঠিকাদার নিয়োগ পেয়েছে চায়না জিও ইঞ্জিনিয়ারিং করপোরেশন। এতে ব্যয় হবে ৫০৩ কোটি টাকা।
মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের আওতায় মহেশখালীতে একটি ‘কাস্টডি ট্রান্সফার মিটারিং স্টেশন’ এবং আনোয়ারাতে একটি ‘সিটি গেট স্টেশন’ নির্মাণকাজের ঠিকাদার নিয়োগের প্রস্তাবও অনুমোদিত হয় বৈঠকে।
মোস্তাফিজুর রহমান জানান, ২৬৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪১ হাজার ৮২টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কেনার প্রস্তাব অনুমোদিত হয় বৈঠকে।
অন্য প্রস্তাবের মধ্যে রয়েছে ২০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানি এবং ৫০ কোটি টাকা ব্যয়ে চলতি অর্থবছরের বাজেট বরাদ্দ থেকে বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ব্যবহারের জন্য ৭১টি মিতসুবিশি পাজেরো গাড়ি কেনা।
ক্রয় কমিটির আগে অর্থনৈতিক-বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনটি প্রস্তাব নীতিগত অনুমোদন পায়। এগুলো হচ্ছে জাতীয় শিল্পনীতির খসড়া, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ব্যবস্থাপনায় পরিচালিত চিটাগাং ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ (সংশোধিত) প্রকল্পের আওতায় ফিল্ম ভল্টের জন্য এয়ারকন্ডিশনিং সিস্টেম স্থাপনের কাজটি সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে দেওয়া।