২ হাজার শ্রমিককে সোয়া ৬ কোটি টাকা সহায়তা
কর্মস্থলে দুর্ঘটনায় আহত এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও অসুস্থ দুই হাজার শ্রমিককে প্রায় সোয়া ছয় কোটি টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে শ্রম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চিকিৎসার জন্য শ্রমিকদের করা আবেদন যাচাই-বাছাই শেষে ১ হাজার ৯৬০ জনের নামে ইস্যু করা ৬ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকার চেক গত কয়েক দিনে শ্রম অধিদপ্তরের জেলা ও বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে। শ্রম মন্ত্রণালয় আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
শ্রমিকদের চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. রেজাউল হক জানান, শ্রমজীবী মানুষের জন্যই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন হয়। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক–অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়।