
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে তৃতীয় চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
ঢাকায় সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ান ফেডারেশন এটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে চুক্তি সম্পাদনের এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারি সাংবাদিকদের এ তথ্য জানান।
মাকসুদুর রহমান বলেন, প্রকল্পটিতে ব্যয় হবে ১৯ কোটি ডলার বা ১ হাজার ৪৮২ কোটি টাকা। এ ছাড়া এটমস্ট্রয় এক্সপোর্ট থেকে চতুর্থ চুক্তির মাধ্যমে যেসব সেবা কেনা হবে, তারও একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে বৈঠকে। তাতে ব্যয় হবে ৩৬০ কোটি টাকা।
মাকসুদুর রহমান আরও জানান, এ দুটিসহ গতকাল ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ১২টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে মোট ব্যয় হবে ২ হাজার ২৯২ কোটি টাকা।
অনুমোদিত উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হচ্ছে মহেশখালী, আনোয়ারা গ্যাস সঞ্চালনে পাইপলাইন নির্মাণ; সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলায় ৩২ মেগাওয়াট পিক সোলার পার্ক স্থাপন; ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সুতিয়াখালীর ভাংনামারি মৌজায় ৫০ মেগাওয়াট (এসি) সোলার পার্ক স্থাপন; পল্লী বিদ্যুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতা বৃদ্ধি (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্পের প্যাকেজের পরামর্শক সেবা ক্রয়; পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৮ লাখ গ্রাহক-সংযোগ প্রকল্পের আওতায় সিঙ্গেল ফেজ ইলেকট্রনিক মিটার কেনার প্রস্তাব সংশোধন এবং মংলা বন্দরে ৫০ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন সাইলো নির্মাণকাজের ভ্যারিয়েশন।
ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিরও বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ‘আমদানি নীতি আদেশ ২০১৫-১৮’ নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।