২০ কর্মকর্তাকে শোকজ করল কেন্দ্রীয় ব্যাংক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তিভিত্তিক মহাব্যবস্থাপক (জিএম) নিয়োগের বিরোধিতা করায় বিভিন্ন পর্যায়ের ২০ জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ গতকাল সোমবার এ নোটিশ পাঠিয়ে তাঁদের তিন দিনের মধ্যে জবাব দিতে বলেছে।
কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চুক্তিভিত্তিক জিএম নিয়োগের বিরোধিতা করে গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তারা বিক্ষোভ করেন। এর আগে এ বিষয়ে গভর্নরের কাছে স্মারকলিপিও দিয়েছিল অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
গত রোববার অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বিএফআইইউতে উন্মুক্ত পদ্ধতিতে চুক্তিভিত্তিক জিএম নিয়োগের সিদ্ধান্ত হয়। সভায় যোগ দিতে আসা সদস্যদের প্রবেশে বাধা সৃষ্টি করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। বলা হয়, এতে পর্ষদ সদস্যরা বিব্রত হয়েছেন। তাই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা লিখিতভাবে জানতে চাওয়া হয় নোটিশে।
কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানায়, উপমহাব্যবস্থাপক, যুগ্ম পরিচালক ও উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের নোটিশ দেওয়া হয়। অথচ রোববারের বিক্ষোভে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন, যা শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়।
নোটিশ দেওয়ায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে জানা গেছে। পরবর্তী করণীয় নির্ধারণে আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সর্বদলীয় বৈঠক ডেকেছেন।