বাংলাদেশ ব্যাংকের ২০ কর্মকর্তাকে দেওয়া কারণ দর্শানো বা শোকজ চিঠি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সর্বদলীয় যৌথ সভা শেষে গতকাল মঙ্গলবার শোকজ চিঠি প্রত্যাহারের দাবি জানিয়ে গভর্নর আতিউর রহমানকে একটি চিঠি দিয়েছে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক বা জিএম পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা করায় গত সোমবার ২০ কর্মকর্তাকে শোকজ চিঠি দেওয়া হয়। এর আগে রোববার এ নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ব্যাংকের মূল ভবনের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভে অংশ নেওয়ায় ২০ কর্মকর্তাকে শোকজ করা হয়। আর তাতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন কেন্দ্রীয় ব্যাংকের সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারী। গতকালের সভায় তাঁরা এ চিঠি প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে শোকজের চিঠি পাওয়া কর্মকর্তাদের সঙ্গে বিচ্ছিন্নভাবে যোগাযোগও করা হচ্ছে। তবে চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা ও শোকজের বিষয়ে সব কর্মকর্তা-কর্মচারী এককাট্টা হওয়ায় বিচ্ছিন্নভাবে সমঝোতার সুযোগ নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঊর্ধ্বতন মহলকে অবহিত করেছেন।
এদিকে পরবর্তী করণীয় নির্ধারণে আজ বুধবার বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এ জন্য কর্তৃপক্ষের কাছে অনুমোদনও চাওয়া হয়েছে। তবে গত রাত পর্যন্ত সভা আয়োজনের বিষয়ে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানা গেছে।
যে ২০ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে তার মধ্যে ১১ জন উপমহাব্যবস্থাপক, ছয়জন যুগ্ম পরিচালক ও তিনজন উপপরিচালক। তাঁদের তিন দিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়।