২০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পল্লি এলাকার গরিব মানুষকে সুদবিহীন ঋণ দিতে বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। এতে ৫০ লাখ লোকের জীবনমানের উন্নয়ন হবে।
১৮ মার্চ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের বোর্ডসভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়। বিশ্বব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন জীবন-জীবিকা উন্নয়ন প্রকল্পের আওতায় এ অর্থ দেওয়া হবে। দেশের ২১টি জেলায় এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো, জীবিকায় সহায়তা দেওয়ার পাশাপাশি পণ্যের বাজারসুবিধা নিশ্চিত করার মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন।
বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে এ নমনীয় ঋণ দেওয়া হবে। এ ঋণ পরিশোধের মেয়াদ ৩৮ বছর। এর মধ্যে ৬ বছর গ্রেস পিরিয়ড, আর দশমিক ৭৫ শতাংশ সেবামাশুল দিতে হবে ঋণটির জন্য।
বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইয়োহানেস জাট বলেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত দশকে ১ কোটি ৬০ লাখ মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠেছে। এখনো দারিদ্র্যসীমার নিচে ৪ কোটি ৭০ লাখ মানুষ বাস করে। তাঁর মতে, নতুন জীবন প্রকল্পটি দারিদ্র্য বিমোচনে বিশেষ সহায়তা করবে।
নতুন জীবন প্রকল্পের বিশ্বব্যাংকের টিম লিডার ফ্রকি জাংব্রুথ বলেন, দরিদ্র মানুষ, বিশেষ করে নারীদের সুযোগ দেওয়া হলে তাঁরা অগ্রাধিকার নির্ণয়, সম্পদ ব্যবস্থাপনায় ও জীবিকার উন্নয়নে পারদর্শী হন। এতে তাদের জীবনমানেরও ইতিবাচক পরিবর্তনও হয়।