সাভারের রানা প্লাজা ধসের মতো আর কোনো ঘটনা দেখতে চায় না যুক্তরাজ্য। আর সে জন্য প্রাইমার্ক, টেসকো, মার্কস অ্যান্ড স্পেন্সার, টপশপসসহ ২০টি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানকে তলব করে ভবিষ্যতে কারখানার দুর্ঘটনা এড়াতে দিকনির্দেশনা দিয়েছে দেশটির সরকার।
যুক্তরাজ্য সরকার চায়, যেসব প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পোশাক ক্রয় করে, তারা দেশটির কারখানার মান উন্নয়নে সাহায্য করবে। একই সঙ্গে সরকার দেখতে চায়, দেশটির বাজারে যারা পণ্য সরবরাহ করবে, তাদের যেন নিরাপদ কর্মপরিবেশ থাকে। খবর দ্য গার্ডিয়ান-এর।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগে (ডিএফআইডি) গত বুধবার ২০ খুচরা ক্রেতা প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে দেশটির মন্ত্রিপরিষদ সদস্যরা বৈঠক করেন। মূলত ভবিষ্যতে রানা প্লাজার মতো দুর্ঘটনা এড়াতে দিকনির্দেশনা দিতেই নির্বাহীদের ডেকে আনা হয়।
আন্তর্জাতিক উন্নয়নসচিব জাস্টিন গ্রিনিং বলেন, ‘বৈঠকে দায়িত্বশীল পোশাক উৎপাদন ও বিপণন বিষয়ে খোলামেলা ও কার্যকর আলোচনা হয়েছে।’ তিনি বলেন, বাংলাদেশের পোশাকশ্রমিকদের নিরাপত্তার মানোন্নয়ন যে কতটা জরুরি, তা সাভার ট্র্যাজেডি সবাইকে জানিয়ে দিয়ে গেছে।
যুক্তরাজ্য সরকার বাংলাদেশের পোশাকশিল্পের নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে এক কোটি ৮০ লাখ পাউন্ড আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে জাস্টিন গ্রিনিং বলেন, ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের পোশাকশিল্পের উন্নয়ন ও শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধিতে অনেক কিছুই করার আছে। সে জন্য খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো সাহায্য করতে পারে।
এদিকে ব্রিটিশ সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে শ্রম অধিকারসংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন লেবার বিহাইন্ড দ্য লেবেল। সংগঠনটির কর্মী আন্না ম্যাকমুলান বলেন, নৈতিক মানোন্নয়নের অঙ্গীকার ছাড়া স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের পোশাক কারখানার উন্নয়ন সম্ভব নয়। আর বাংলাদেশেও সব কারখানা একই মানের নয়। সেখানকার অনেক কারখানারই কাজের পরিবেশ খারাপ, নিরাপত্তার অভাব।