২০ জন প্রবাসী বাংলাদেশি পেলেন সিআইপি কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতিতে ‘গুরুত্বপূর্ণ’ অবদানের জন্য ২০ জন অনাবাসী বাংলাদেশিকে সিআইপি (কমার্শিয়াল ইমপর্টেন্ট পারসন বা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) কার্ড দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে ২০১১ সালে নয়জন ও ২০১২ সালে ১০ জন সিআইপি কার্ড পেয়েছেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে গতকাল বৃহস্পতিবার প্রবাসীদের মধ্যে কার্ডগুলো তুলে দেন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
২০১১ সালে সিআইপি কার্ডপ্রাপ্তরা হলেন ওমানপ্রবাসী হাবিবুর রহমান, জসীম উদ্দিন ও ইয়াছিন চৌধুরী; সুইজারল্যান্ডের রফিকুল ইসলাম; রাশিয়ার ফিরোজ উল আলম খান; সৌদি আরবের ওসমান আলী খান ও মোহাম্মদ লিয়াকত আলী; কাতারের মকবুল হোসেন এবং জাপানের তাতেইমা কবির।
২০১২ সালের সিআইপিরা হলেন দুবাইয়ের মাহতাবুর রহমান; রাশিয়ার এস এম পারভেজ তমাল ও মাহবুবুল আলম; অস্ট্রেলিয়ার শহীদ হোসেইন জাহাঙ্গীর হোসেন; জাপানের সাকুরা সাবের; সৌদি আরবের ওসমান আলী খান ও আক্কাছ মিয়া; আরব আমিরাতের আকতার হোসেইন; কুয়েতের আবুল কাশেম ও কাতারের দেলোয়ার হোসেন।
এ ছাড়া ২০১২ সালে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে শারজার জাগরী হোসেন চৌধুরী সিআইপি কার্ড পেয়েছেন।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ সচিব খোন্দকার শওকত হোসেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হযরত আলী উপস্থিত ছিলেন।