২০% নগদ সহায়তা বাড়িয়েছে রপ্তানি

নুরুল ইসলাম

কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এটি এ খাতের উদ্যোক্তা ও দেশের জন্য সুসংবাদ। এ খাতে রপ্তানিকে উৎসাহিত করতে সরকার ২০ শতাংশ নগদ সহায়তা দিচ্ছে।

এ কারণে এ খাতের রপ্তানিও বাড়ছে। তবে রপ্তানি হওয়া কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বড় অংশই শুকনা খাবার বা বেকারি পণ্য। এসব পণ্য রপ্তানিতে মূল্য সংযোজন খুব বেশি নয়। কারণ, বেকারি পণ্য তৈরির সিংহভাগ কাঁচামালই আমদানি করতে হয়। বিশ্বের যেসব দেশে প্রবাসী বাংলাদেশি রয়েছেন, সেসব দেশেই এসব পণ্য বেশি রপ্তানি হয়।

এর বাইরে দক্ষিণ আফ্রিকাসহ বেশ কিছু দেশেও বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হচ্ছে। নতুন নতুন দেশে রপ্তানি যত বাড়বে, এ খাতের সম্ভাবনাও তত বাড়বে। তবে এ খাতের রপ্তানি প্রবৃদ্ধি ধাক্কা খেতে পারে যদি নগদ সহায়তা তুলে নেওয়া হয়। নিজেদের অভিজ্ঞতায় আমরা দেখছি মধ্যপ্রাচ্যসহ প্রবাসী বাঙালি অধ্যুষিত দেশগুলোতে বেকারি পণ্যের রপ্তানি বাড়ছে। কিন্তু কাঁচামালের দাম বিশ্ববাজারে যেভাবে বেড়ে চলেছে, তাতে উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। এ মুহূর্তে এটি এই খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ।