২০ বছরেও প্রকল্প শেষ হয়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমবর্ধমান জনগোষ্ঠীকে আধুনিক আবাসন-সুবিধা দিতে ঢাকার পাশে নতুন একটি শহর করা হবে। এ জন্য ১৯৯৫ সালে পূর্বাচল নতুন শহর প্রকল্পটি নেওয়া হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৭৮২ কোটি টাকা। আগামী ডিসেম্বর মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
কিন্তু গত বছরের মার্চ পর্যন্ত মাত্র ১ হাজার ৭৪৪ কোটি টাকা খরচ করতে পেরেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রায় ১৯ বছরে প্রকল্প ব্যয়ের মাত্র ২২ শতাংশ বা এক-পঞ্চমাংশ খরচ হয়েছে। এখনো গ্রাহকের কাছে প্লট বুঝিয়ে দেওয়ার মতো অবকাঠামোই তৈরি হয়নি। এত বছর পরও প্রকল্পটির কাজে খুব বেশি অগ্রগতি নেই।
১৯৯৯ সালে ১২০ কোটি টাকার সরাইল-নাসিরনগর-লাখাই সড়ক নির্মাণ প্রকল্প নেওয়া হয়। বিগত ১৫ বছরে এ সড়কটি নির্মাণ করা যায়নি। গত জুনে প্রকল্পটি শেষ করার কথা থাকলেও তা হয়নি। তাই চলতি বছরের এডিপিতে প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০০০ সালে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা সড়ক নির্মাণ প্রকল্পটিও ১৪ বছরে শেষ হয়নি। প্রকল্পটিতে ২১৪ কোটি টাকা ব্যয় করার কথা থাকলেও ১৪ বছরে মাত্র ৭৮ টাকা খরচ হয়েছে।
২০০৩ সালে সাভারে চামড়া শিল্পনগর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য খরচ ধরা হয়েছে ১ হাজার ৭৮ কোটি টাকা। কিন্তু গত ১১ বছরে মাত্র ১১০ কোটি টাকা খরচ হয়েছে। প্রতিবছর গড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ হারে বরাদ্দ দিলে প্রকল্প শেষ করতে আরও ৯৫ বছর লাগবে।
প্রকল্প প্রস্তাব অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় এসব প্রকল্প যথাসময়ে শেষ করা সম্ভব হয়নি। এ জন্য একাধিকবার প্রকল্পগুলোর মেয়াদ ও বরাদ্দ বৃদ্ধি করতে হয়েছে।
এভাবেই বছরের পর বছর বিভিন্ন প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) থেকে যাচ্ছে। এডিপির প্রকল্প তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ১০ বছরের পুরোনো ৩১টি প্রকল্প রয়ে গেছে। এসব প্রকল্প ১৯৯৫ থেকে ২০০৪ সালের মধ্যে নেওয়া। প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী বরাদ্দ না দিয়ে নামমাত্র বরাদ্দ দিয়ে প্রকল্পগুলো বাঁচিয়ে রাখা হয়েছে। অবশ্য বাস্তবায়নকারী সংস্থার বাস্তবায়ন দক্ষতাও নেই। এর ফলে প্রকল্পের ভারে ক্রমশ ন্যুব্জ হয়ে পড়ছে এডিপি। আবার প্রতিবছর নতুন নতুন প্রকল্পও অন্তর্ভুক্ত হচ্ছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এই ৩১টি প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয় ১৮ হাজার ৫০৩ কোটি টাকা। গত বছরের মার্চ পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ৭ হাজার ৭৭৩ কোটি টাকা, যা বরাদ্দের মাত্র ৪২ শতাংশ। সড়ক নির্মাণের ১০টি প্রকল্পই সবচেয়ে বেশি দিন ধরে ঝুলে রয়েছে। উল্লেখ্য, চলতি অর্থবছরে এডিপিতে ১ হাজার ১৮৭টি প্রকল্প রয়েছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, রাজনৈতিক কারণে সব পক্ষকে তুষ্ট করতে গিয়ে বহু প্রকল্পেই নামমাত্র বরাদ্দ দেওয়া হয়। ফলে সময়মতো প্রকল্প শেষ হয় না। এতে ব্যয় ও সময় বৃদ্ধি পায়।
এ অবস্থায় আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিকল্পনা কমিশনের সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন শেখ হাসিনা। ১৯৮৪ সালে এরশাদের আমলে সর্বশেষ সভাটি অনুষ্ঠিত হয়েছে। ৩০ বছর পর কমিশনের চেয়ারপারসনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে দুটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, নিয়মিত এ ধরনের সভা অনুষ্ঠিত হলে পরিকল্পনা কমিশনের কার্যক্রমে গতি আসত। পরিকল্পনা কমিশনের সমস্যাবলি সরকারের শীর্ষ মহলের কাছে বোঝানো যেত।
কমিশন সভায় বছরের পর বছর এডিপিতে থাকা প্রকল্পগুলো কীভাবে শেষ করা যায়, সেই বিষয়টি বিশেষ প্রাধান্য পাবে বলে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ১৮ জানুয়ারি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বলা হয়েছে, বছরের পর বছর ধরে যেসব প্রকল্প এডিপিতে পড়ে আছে, সেগুলো শেষ করা কিংবা বন্ধ ঘোষণা করা দরকার। এ বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করে দিকনির্দেশনা চাওয়া হবে। এ বছর শেষ করা সম্ভব এমন প্রকল্পে বাড়তি বরাদ্দ চাওয়া হবে বলে সভা সূত্রে জানা গেছে। এর পাশাপাশি প্রকল্প অনুমোদন প্রক্রিয়ার সময়সীমা কমিয়ে আনার বিষয়টি কমিশন সভায় উত্থাপন করা হবে। বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেকে) উপস্থাপনের আগে প্রকল্প মূল্যায়ন কমিটিতে (পিইসি) অনুমোদন করিয়ে আনতে হয়। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে গেলে গড়ে চার মাস সময় লাগে পাস হতে। এ সময়সীমা আড়াই মাসে নামিয়ে আনতে চায় পরিকল্পনা কমিশন।
এ ছাড়া কমিশন সভায় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, পরিকল্পনা কমিশনের জনবল বৃদ্ধি ও শক্তিশালীকরণ, বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগের (আইএমইডি) কার্যক্রম মাঠ পর্যায়ে বিস্তৃত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।