২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান আজ কর কার্ড পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণীর ১০ জন করদাতা ও ১০টি প্রতিষ্ঠানকে আজ সোমবার কর বা ট্যাক্স কার্ড সম্মাননা দেওয়া হচ্ছে। প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সম্মাননা দিচ্ছে। ২০০৯-১০ করবর্ষের কর প্রদানের হিসাব অনুযায়ী এই সম্মাননা পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান।রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ সম্মাননা দেওয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।ব্যক্তিপর্যায়ে সম্মাননা: ব্যক্তিশ্রেণীর করদাতাদের মধ্যে যাঁরা সম্মাননা পাবেন, তাঁরা হলেন: রংপুর কর অঞ্চলের মোতাজ্জেরুল ইসলাম; ঢাকার কর অঞ্চল-১০-এর ইকবাল হায়দার চৌধুরী; কর অঞ্চল-২-এর কাউছ মিয়া ও মোতাহার হোসেন; কর অঞ্চল-৮-এর এম এম আমজাদ হোসেন, মোহাম্মদ ইউসুফ, এ এ হায়দার হোসেন ও লায়লা হোসেন; চট্টগ্রামের কর অঞ্চল-১-এর এ এম জিয়াউদ্দিন ইসলাম ও সালাউদ্দিন কাশেম খান।এনবিআর সূত্রে জানা গেছে, একই পরিবারের চারজন করদাতা এই সম্মাননা পাচ্ছেন।প্রতিষ্ঠানসমূহ: ট্যাক্স কার্ড পাবে এমন প্রতিষ্ঠানগুলো হলো: শেভরন বাংলাদেশ, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, সিটি ব্যাংক, আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ট্রাস্ট ব্যাংক, সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা), যমুনা ব্যাংক, এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেড ও বাপেক্স বাংলাদেশ।